সৌদিতে বাংলাদেশিদের আকামা পরিবর্তনে তিন মাসের সুযোগ (ভিডিও)
সৌদি সরকার বাংলাদেশের নাগরিকদের আকামা পরিবর্তনে তিন মাসের সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল শুক্রবার রাতে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের আকামা পরিবর্তনের সুযোগের বিষয়টি জানানো হয়। এ জন্য তিন মাসের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের কখনো দূরত্ব ছিল না। অভিবাসন-প্রক্রিয়া আমরা আগে থেকে অনেক দূর এগিয়ে নিয়েছি।’দীপু মনি বলেন, আকামা পরিবর্তনের সিদ্ধান্ত থেকে বাংলাদেশের নাগরিকেরা বঞ্চিত হচ্ছিলেন। এখন বাংলাদেশিরা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। পেশা বদলেরও সুযোগ রয়েছে। কেউ যদি কোনো কাজের সুযোগ না পান বা অবৈধভাবে থেকে যান, তাদের জন্য সাধারণ ক্ষমাও ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো জরিমানা করা হবে না। এটি বাংলাদেশের নাগরিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল। সৌদিতে বর্তমানে বাংলাদেশের লক্ষাধিক নাগরিক কর্মরত বলে তিনি জানান।বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সংকীর্ণ ও দলীয় কাজে লাগানোর জন্য বিরোধী দল মিথ্যাচার করছে। তারা এখন অন্য ছবি দিয়ে মিথ্যাচার করছে। এমনকি তারা লাশের অভিনয় পর্যন্ত করেছে।’ মিথ্যাচারের মধ্য দিয়ে তারা দেশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।