সৌদিতে বাংলাদেশের শ্রমবাজার ফের স্বাভাবিক হবে
সৌদির শ্রমবাজারে ফের বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে লোক যাবে বলে আশা করছে সরকার। সৌদি আরবের আট সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ বুধবার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ওই মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।মন্ত্রী বলেন, ‘সৌদি আবর আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। গত বছরের ফেব্রুয়ারিতে আমার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সৌদি আরব সফর করেছিলাম। কিন্তু এরই মধ্যে বাংলাদেশে সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা খুন হন। এতে ফের সৌদি আরবে শ্রমিক নেওয়ার আলোচনা শুরু করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ওই কর্মকর্তার হত্যার বিচার হয়েছে। সৌদি আরব এখন আশ্বস্ত। তাই তারা বাংলাদেশ থেকে আবার কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ সৌদি প্রতিনিধিদলের প্রধান সুলতান বিন মুহম্মদ বিন আল হাজ্জা বলেন, ‘আমরা বাংলাদেশের শ্রমিকদের প্রশিক্ষণ, নিবন্ধনসহ সরকার যেসব নতুন পদক্ষেপ নিয়েছে, তা পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরা মনে করি, প্রশিক্ষিত এই শ্রমিকেরা সৌদি শ্রমবাজারে গিয়ে টিকে থাকতে পারবে। এতে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার স্বাভাবিক হয়ে আসবে।’ সৌদি আরবে বাংলাদেশি অনেক শ্রমিককে ধরপাকড় করা হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে সুলতান বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়। যাঁরাই অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে আছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে বৈধ শ্রমিকদের অসুবিধা হওয়ার কথা নয়।