সৌদিতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা আটক
জাল বাংলাদেশি পাসপোর্ট ও জাল ভিসা নিয়ে অবৈধভাবে সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজন রোহিঙ্গাকে আটক করছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইসমাইল (২০), খলিলুর রহমান (২৫), মোহাম্মদ জুয়েল (২১), আলকাস মিয়া (২৪) ও হোসেন শাহ (৩০)। এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা ১১টায় কুয়েত এয়ার ওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে করে তাঁদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে প্রবেশের পর থেকে তাঁদের গতিবিধি সন্দেহজনক ছিল। এজন্য তাঁদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছে জাল পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়। মেরিনা আক্তার জানান, আটক রোহিঙ্গাদের কেউ বাংলা বলতে পারেন না। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এক সপ্তাহ আগে তাহের ও হাসান নামের রাজধানীর ফকিরাপুলের একটি ট্রাভেল এজেন্সির দুই দালাল তাঁদের কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। তাঁদের বাংলা শেখানোর পাশাপাশি বিমানবন্দরের কর্মকর্তাদের নজর এড়িয়ে সৌদিতে যাওয়ার কৌশল শেখানো হয়। আটক হওয়া রোহিঙ্গাদের বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।