সৌদির অলিম্পিক বর্জনের হুমকি
অলিম্পিক গেমসে জুডো প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া সৌদি আরবের নারী অ্যাথলেটকে হিজাব পরতে না দিলে এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করা হবে। সৌদি কর্তৃপক্ষ এই হুমকি দিয়েছে বলে গতকাল শুক্রবার দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।সৌদির কর্তৃপক্ষ বলেছে, অলিম্পিক গেমসের জুডোতে যে নারী প্রতিযোগী অংশ নেবেন, তাঁকে মুসলিম পোশাক বা হিজাব পরতে দিতে হবে। তবেই তারা প্রতিযোগিতায় অংশ নেবে।এদিকে গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের প্রেসিডেন্টের মরিয়াস ভাইজার বলেছেন, অলিম্পিকে সৌদির জুডো প্রতিযোগী ওয়াজদান শাহ্রখানি হিজাব পরে জুডো খেলতে পারবেন না। তিনি বলেন, নিরাপত্তা ও জুডোর নিয়মনীতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জুডো ফেডারেশনের মুখপাত্র নিকোলাস ম্যাসনার বলেন, এ খেলার জন্য হিজাব ভয়ংকর হতে পারে।এশিয়ার জুডো ফেডারেশন মুসলিম নারীদের হিজাব পরার অনুমোদন দিয়েছে।