সৌদির আদালতে যুবককে পঙ্গু করার নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে ১০ বছর আগের এক অপরাধের শাস্তি হিসেবে ২৪ বছর বয়সী যুবককে পঙ্গু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রয়টার্স জানায়, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আদালতের রায়ে নিন্দা জানিয়েছে।‘সৌদি গেজেট’ পত্রিকার বরাত দিয়ে রয়টার্স জানায়, ১০ বছর আগে কিশোর বয়সে আলী আল-খাওয়াহের এক বিবাদের সময় তাঁর এক বন্ধুকে মেরুদণ্ডে ছুরিকাঘাত করেন, ফলে ওই বন্ধুটি চিরদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান এবং এখন হুইল চেয়ারের সাহায্যে চলাচল করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পঙ্গুত্ব বরণ করার জন্য আলী গত ১০ বছর ধরে কারাভোগ করছে। তবে তাঁর পরিবার যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে জরিমানা হিসেবে দুই লাখ ৭০ হাজার ডলার দেয়, তবে সে মুক্তি পেতে পারে।সৌদি আরবে ইসলামি শরিয়াহ আইন প্রচলিত। এ আইনে ‘চোখের বদলে চোখ’ ধাঁচের শাস্তি দেওয়ার ব্যবস্থা চালু আছে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপপরিচালক অ্যান হ্যারিসন বলেন, ‘কোনো অপরাধের জন্য একজনকে পঙ্গু করে দেওয়াটা নির্যাতন।’ এ ধরনের শাস্তি প্রয়োগ করা হলে তা হবে দুঃখজনক। সৌদি সরকার অনুমোদিত একটি মানবাধিকার সংগঠন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।