সৌদির সেই নারীচালকের শাস্তি বাতিল
নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর দায়ে এক সৌদি নারীকে দেওয়া ১০ ঘা চাবুকের আদেশ বাতিল করেছেন দেশটির বাদশাহ আবদুল্লাহ। একজন সৌদি রাজবধূ তাঁর টুইটারে এ কথা লিখেছেন বলে নাম না প্রকাশ করার শর্তে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।গাড়ি চালানোর অভিযোগে শেমা নামের ওই নারীকে গত জুলাই মাসে জেদ্দা থেকে গ্রেপ্তার করা হয়। আগামী ২০১৫ সালে দেশটির নির্বাচনে নারীরা ভোট দিতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন—বাদশাহ আবদুল্লাহর এমন ঘোষণার দুদিন পর আদালত শেমাকে এ শাস্তি দেন।সৌদির রাজপুত্র আলওয়ালিদ বিন তালালের স্ত্রী আমিরা আল-তাওয়েল তাঁর টুইটারে লিখেছেন, ‘শেমাকে চাবুক মারার আদেশ বাতিল হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য আমাদের বাদশাহকেও ধন্যবাদ। আমি নিশ্চিত, বাদশাহের এ সিদ্ধান্তে সৌদি আরবের সব নারী খুশি হবেন।’সৌদির রাজতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করতে কয়েক মাস ধরে বেশ কিছু নারী যানবাহনের চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।