বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকার ঐতিহাসিক মোগল স্থাপত্য লালবাগ দুর্গের সৌন্দর্য ও এর সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ জন্য দুর্গের জমি জরিপ করা হচ্ছে। এ ছাড়া কোনো নতুন স্থাপনা নির্মাণ করতে হলে দুর্গের প্রাচীরের পাশে অন্তত পাঁচ মিটার জায়গা ফাঁকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বলা হয়েছে, দুর্গের আশপাশে উঁচু ভবন বা নতুন কোনো স্থাপনা করা যাবে না। দুর্গের দক্ষিণ ও পশ্চিম পাশ বাদে পূর্ব ও উত্তর দিকে যে রাস্তা রয়েছে, সেখানকার সীমানাপ্রাচীর মেরামত ও সংরক্ষণ করা হবে।বৈঠকে দুর্গ এলাকায় সরকারের কী পরিমাণ জমি রয়েছে, তা জরিপ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। জরিপ করার সময় বেসরকারি মালিকদের তাঁদের কাগজপত্র অধিদপ্তরের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখার জন্য নোটিশ দিতে বলা হয়েছে।লালবাগ দুর্গের প্রতিষ্ঠাতা মোগল সুবেদার সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মুহম্মদ আজম। তিনি ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণকাজ শুরু করেছিলেন। তবে তা শেষ করতে পারেননি। এর আগেই সম্রাট তাঁকে দিল্লিতে ডেকে পাঠান। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয়বারের মতো বাংলার সুবেদার হয়ে আসেন নবাব শায়েস্তা খান। পূর্ব-পশ্চিমে লম্বা আয়তাকার এই অসমাপ্ত দুর্গটির নির্মাণকাজ শায়েস্তা খানও শেষ করেননি। কথিত আছে, তাঁর কন্যা ১৬৮৪ খ্রিষ্টাব্দে পরীবিবির মৃত্যুর কারণে তিনি এ দুর্গটিকে অপয়া বলে মনে করেছিলেন। তবে দুর্গের অসমাপ্ত কাজ শেষ না করলেও শায়েস্তা খান তাঁর আদরের কন্যা পরীবিবির সমাধির ওপর এক অসাধারণ স্থাপত্যশৈলীর সমাধিসৌধ নির্মাণ করেন। এটি পরীবিবির মাজার বলে পরিচিত। সৌধটি দুর্গের মাঝখানে অবস্থিত। এর পূর্ব দিকে রয়েছে দিউয়ান-ই-আম নামের দরবার ভবন ও পশ্চিমে তিন গম্বুজবিশিষ্ট মসজিদ। দিউয়ান-ই-আমের নিচতলায় রয়েছে মোগলরীতির হামামখানা। দুর্গের তিনটি প্রবেশপথের মধ্যে দক্ষিণ কোণের ফটকটিই প্রধান। সামনে থেকে দেখলে এটি তিনতলা বলে মনে হয়। ফটকটির চূড়ায় রয়েছে চারটি ছোট মিনার। এই ফটকটি মোগল স্থাপত্যরীতির একটি অসাধারণ নিদর্শন। সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘লালবাগ কেল্লার দুর্গের আশপাশে অনেক বাড়িঘর উঠে গেছে। এর ফলে ঐতিহাসিক এ স্থানটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ কারণে দুর্গের আশপাশে উঁচু ভবন নির্মাণ করার অনুমতি না দেওয়ার জন্য আমরা রাজউককে অনুরোধ জানিয়েছি। এ ছাড়া লালবাগ কেল্লার পুরো এলাকা জরিপ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে।’রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, প্রাচীন স্থাপনা লালবাগ দুর্গের আশপাশে উঁচু ভবন নির্মাণ করা যাবে না। দুর্গের চারপাশে পাঁচ মিটার স্থান উদ্ধার করা গেলে সেখানে রাস্তা নির্মাণ করা যাবে।সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, লালবাগ দুর্গটি বর্তমান অবস্থান অনুযায়ী একটি চারকোনা ভূমি বা প্লট। দুর্গের জমিতে চারটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে।দুর্গের ভেতর ফিরোজা বেগম নামের একজনের জমি ছিল। তিনি এ জমিতে বাড়ি তৈরির জন্য রাজউকের অনুমোদন চাইলে রাজউক তা বাতিল করে দেয় এবং পরবর্তী সময়ে তিনি ওই জমি হাশেম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে হাশেম তাঁর ক্রয় করা জমিটি দখল পাওয়ার জন্য মামলা করেন। এ মামলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে বিবাদী করা হয়। মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, জরিপ অধিদপ্তর এরই মধ্যে জরিপের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। জানা গেছে, লালবাগের জরিপকাজ সম্পাদন এবং হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালনের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।