অপরিকল্পিত নগরায়ণের কবলে পড়ে ঢাকা হারিয়েছে তার সৌন্দর্য। অবশ্য ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ঢাকা নগর সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় চেষ্টা করছে নগরের হতশ্রী অবস্থাটাকে দূর করার। তবে সে প্রচেষ্টা কতটা সফল হচ্ছে তা প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে। নগরের সৌন্দর্যবর্ধনের এ উদ্যোগে সবচেয়ে অবহেলিত পুরান ঢাকা। নতুন করে সৌন্দর্যবর্ধনের কোনো উদ্যোগ নেই এখানে। পুরান ঢাকার মোড়ে মোড়ে থাকা ফোয়ারা আর চত্বরগুলোও এখন নিষ্প্রাণ। জলহীন ফোয়ারা আর শ্রীহীন চত্বরের হাহাকার লেখায় তুলে ধরেছেন আজহার হোসেন
সৌন্দর্যবর্ধনে অবহেলিত পুরান ঢাকা
‘নগরে নিসর্গ’আঁধার হাতড়ে আলো পুরান ঢাকায় ডিসিসির ‘বিউটিফিকেশন’-এর একমাত্র কাজটি হয়েছে নগরের তাঁতীবাজার মোড়ে। নাম ‘নগরে নিসর্গ’। চারপাশে সবুজের মধ্যে সিঁড়ির মতো বেশ কয়েকটি ধাপ পেরিয়ে পানি নেমে আসে নিচে। সিঁড়ির ধাপগুলোতে রয়েছে সাদা রঙের বেশ কয়েকটি বক। বকগুলোর কোনো কোনোটা ঠায় দাঁড়িয়ে, আবার কোনটা মাছ ধরায় ব্যস্ত। চারপাশে কংক্রিটের টবে আছে নানা জাতের ফুলগাছ। আর পুরো চত্বর ঘিরেই রয়েছে ঘাস। পরিপাটি করে কাটা ঘাসের অংশটুকু যেন সবুজ গালিচা।রাফেয়া আবেদীনের নকশা ও পরিকল্পনায় এটি নির্মাণ করেছে হেরিটেজ নামের একটি প্রতিষ্ঠান। ডিসিসির জমিতে একটি বহুজাতিক কোম্পানির সহায়তায় ‘নগর নিসর্গ’ গড়া হলেও ঝক্কি পোহাতে হয় পরিকল্পনাকারী রাফেয়া আবেদীনকেই। তিনি নিজের উদ্যোগে এখানে একজন তত্ত্বাবধায়ক রেখেছেন। তত্ত্বাবধায়ক মো. শহীদুল্লাহ জানান, পানি নষ্ট হয়ে গেলে মোটর এনে পানি সেচে নতুন পানির ব্যবস্থা করা হয়। এখানকার ঝরনা দিনে মোট তিন থেকে চার ঘণ্টা চালু থাকে।রাফেয়া আবেদীন জানান, পুরান ঢাকাকে সৌন্দর্যমণ্ডিত করতে তিনি উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পদে পদে বাধা সত্ত্বেও ‘নগরে নিসর্গ’ পরিপাটি করে সাজিয়ে তুলেছেন। প্রধান সমস্যা ছিল সড়কের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারগুলো। সেই বাধা দূর হলেও অপরিকল্পিতভাবে টানা কেবল টিভি আর ইন্টারনেট সংযোগের তারগুলো এখনো নগর নিসর্গের সৌন্দর্য্য নষ্ট করছে।তিনি জানান, রাতে আলোকসজ্জার জন্য নগরে নিসর্গের সামনে দুটি উজ্জ্বল বাতি চেয়েছিলেন ডিসিসির কাছে। কিন্তু এখন অবধি তা পাননি। আবার বাইরে যে ফুলের টবগুলো বসানো হয়েছে তাতে ভবঘুরেরা বসে নষ্ট করে ফেলে বলেও অভিযোগ করলেন রাফেয়া আবেদীন।টিপু সুলতান রোড ফোয়ারাফোয়ারা ছিটায় ধুলো!টিকাটুলি মোড় থেকে ওয়ারী হয়ে নারিন্দা বাজার আসার পথে দেখা মিলবে তিন রাস্তার মোড়ের। ১৯৯৮ সাল থেকে এই মোড়েই আছে ফোয়ারাটি। ডিসিসির নথিপত্রে সেটি টিপু সুলতান রোড ফোয়ারা। আর জায়গাটি পরিচিত ওয়ারী মোড় বলেই।চত্বরের ভেতরে ধাতব দুটি দোয়েল পাখি উড়ন্ত ভঙ্গিমায় বসে আছে। আর তার ওপরে ছোট একটি ভূগোলক। ভূগোলকে ফুটে আছে বাংলাদেশের ধাতব মানচিত্র। সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ থাকার কথা সেখানে। কিন্তু ফোয়ারাটি ঢেকে আছে ধুলা-বালিতে। এতে পানির প্রবাহ নেই। ফোয়ারার গোড়ায় পানি জমে থাকার জায়গায় রয়েছে ধুলা আর শ্যাওলার আস্তরণ। পানি ছিটানোর বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে আছে বহুদিন।এলাকার বাসিন্দা তাসমিয়া ঈশিকা বলেন, ফোয়ারাটি চালু হওয়ার পর বছরখানেক ভালো ছিল। তারপর আট-দশ বছর ধরে ফোয়ারাটি তিন রাস্তার মোড়ে আপদ হয়ে দাঁড়িয়ে আছে। ফোয়ারাটি এখন পরিণত হয়েছে ওয়ারী রিকশা স্ট্যান্ডে। এলাকার প্রবীণ শিক্ষাবিদ আবদুর রহমান বলেন, ‘ফোয়ারাটি সৌন্দর্যবর্ধনের জন্য বানানো হয়েছিল। এলাকাবাসীর চাওয়া, ফোয়ারাটি সংস্কার করা হোক।’বেহাল ফোয়ারা প্রসঙ্গে ৭৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার লিয়াকত আলী বলেন, ‘ফোয়ারাটি বানানো দরকার ছিল, বানিয়ে দিয়েছি। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার না।’ তবে এ দায়িত্ব কার? এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।বেচারাম দেউরীবিশেষ দিনে জাগে পায়রা চত্বর ফোয়ারাবেচারাম দেউরীর পায়রা চত্বর ফোয়ারার চারপাশে আছে লোহার বেষ্টনী। ভেতরে গাছের গুঁড়ির আদলে কংক্রিটের ভিত্তির ওপর তিনটি শাখায় আছে তিনটি সাদা পায়রা। ভিত্তির শেষ প্রান্তে একটি ভূগোলক। ১৯৯৭ সালে ডিসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফ উদ্বোধন করেন ফোয়ারাটি। ধুলোবালির স্তরে ঢাকা পড়ে রয়েছে ফোয়ারাটি। পানির প্রবাহ নেই। এলাকাবাসীর অনেকেই জানান, বছরের বিশেষ বিশেষ দিনে কাউন্সিলরের উদ্যোগে এখানে পানি ছাড়া হয়। সে সময় বেশ ঘটা করেই পরিষ্কার করা হয় ফোয়ারাটি। বংশাল ফোয়ারাভবঘুরের অভয়াশ্রমবংশাল পুরান চৌরাস্তায় ফোয়ারাটিতে রয়েছে দুটি উড়ন্ত পায়রা। কংক্রিটে তৈরি ফোয়ারাটি উদ্বোধন করেছিলেন ডিসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। ১৯৯৮ সালে নির্মিত ফোয়ারাটিতে মাস কয়েক পানির প্রবাহ ছিল। তারপর বন্ধ হয়ে যায়। পানি ছিটানোর মোটর নষ্ট হয়ে আছে বছর দশেক ধরে। চারপাশে গড়ে উঠেছে অবৈধ টং দোকান। রাস্তার ধারে রাখা আবর্জনাবাহী কনটেইনারের দুর্গন্ধে ফোয়ারার কাছে দাঁড়ানো দায়। ফোয়ারায় বসতি গড়েছে ভবঘুরে আর মাদকসেবীরা। এ নিয়ে পত্রিকায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।মাহুত্টুলি গোলচত্বরগোলাকার চত্বর দখলে ত্রিকোণাকার!বংশাল চৌরাস্তা থেকে ফ্রেন্সরোড বাঁয়ে রেখে নাক বরাবর যে রাস্তাটি চলে গেছে তার শেষ মাথায় মাহুতটুলী। মাহুতটুলী তিন রাস্তার মোড়ের চত্বরটি মাহুতটুলী গোলচত্বর নামে পরিচিত। তবে গোলচত্বর নামে পরিচিত হলেও এটি আদতে ত্রিকোণাকার চত্বর। এলাকার বাসিন্দা নাঈমুদ্দিন বলেন, বছর পাঁচেক আগেও চত্বরটি সবুজ ছিল। আর এখন যে আকারে চত্বরটি রয়েছে, আগে তার চেয়েও বড় ছিল এটি। আশপাশের প্রভাবশালী ব্যক্তিদের কৌশলে গোলচত্বরটি রাতারাতি ত্রিকোণাকার হয়ে গেছে !এলাকা ঘুরে দেখা গেছে, চত্বরটির পাশেই রয়েছে ব্যক্তিমালিকানাধীন একটি কমিউনিটি সেন্টার। সেন্টারের আশপাশের পরিবেশ ভালো রাখতে অতিথিদের গাড়ি নিরাপদে পার্কিংয়ের জন্য একটি প্রভাবশালী মহল চত্বরটি ব্যবহার করছে। তারাই গোলাকার চত্বরটির বেষ্টনী ভেঙে নতুন করে ইটের দেয়াল তুলে গোলাকার চত্বরকে করেছে ত্রিকোণাকার।মুকিমবাজারের বাসিন্দা সালাম তালুকদার জানান, চত্বরটির আগের অবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। চত্বরে এখনো একটি নারকেলগাছ রয়েছে। আরও গাছ লাগানো দরকার। এলাকাবাসীরও দাবি, চত্বরটি দখলমুক্ত করা হোক।আনন্দ চন্দ্র রায় রোডমরে যাচ্ছে চত্বরের বটগাছআরমানীটোলার আনন্দ চন্দ্র রায় রোডে রয়েছে বটগাছ চত্বর। শতবর্ষী বটগাছটি এখন জীর্ণ। গাছে সবুজের কোনো ছোঁয়া নেই। ডালপালা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রায় কাটতে হতো এর বাড়তি অংশ। সেই কারণে আদি ঢাকাইয়ারা এই চত্বরটিকে কাটা বটগাছ চত্বর বলেই চেনে।গাছটির গোড়ার দিকে চারপাশে বৃত্তাকারে ইটের বেষ্টনী দেওয়া। দখল থেকে বাদ যায়নি গাছের গোড়া। তার ওপরই রাখা হয়েছে ব্যবসায়ীদের নানা পণ্য—চাল-ডালের বস্তা, রাসায়নিক উপাদানভর্তি ড্রাম আর বিভিন্ন ধরনের বাক্সপেটরা। এলাকা ঘুরে দেখা গেছে, বটগাছটির গোড়ার দিকের মাটি সরে গেছে। বেষ্টনীর ইট খুলে গেছে। বিপজ্জনকভাবে টিকে রয়েছে জীর্ণ গাছটি। আরমানীটোলার বাসিন্দা আবদুল মালেক জানান, বটগাছের এই চত্বরে ১৫-২০ বছর আগেও মুরব্বিরা বসে আড্ডা দিতেন। এখন আর সেই আড্ডাও নেই, নেই প্রাণবন্ত সতেজ বটগাছ।কতৃপক্ষের বক্তব্যডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম বলেন, ‘বেহাল ফোয়ারা প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলারদের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাদের দপ্তরে আসেনি। যদি আসে, আমরা ব্যবস্থা নেব।’আবুল হাসেম জানান, অঞ্চল-০২ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসাবে এ ব্যাপারে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের আলাপ-আলোচনা করবেন। আলোচনার পরে ডিসিসির করনীয় নির্ধারণ করা হবে।