সৌমেনকে আজ দুদকে তলব, ইউসুফের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। তাঁকে গত ২২ এপ্রিল দেওয়া দুদকের নোটিশে আজ বেলা ১১টার মধ্যে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে হাজির হয়ে সেনগুপ্ত টেলিকমের আর্থিক উৎস এবং তাঁর পারিবারিক সম্পদের তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়।এদিকে রেলওয়ের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধার গাড়িচালক মো. মোখলেসুর রহমানকে গতকাল বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জানি, সুরঞ্জিত সেনগুপ্ত প্রবীণ রাজনীতিক। তিনি সব সময় তাঁর বিচক্ষণতার জন্য সর্বত্র সম্মান পেয়েছেন। কিন্তু তিনি বিত্তবান—এ ধরনের কোনো তথ্য জানা ছিল না। এ অবস্থায় তাঁর ছেলে একটি গেটওয়ে লাইসেন্স কেনার এবং একটি টেলিযোগাযোগ কোম্পানি স্থাপনের মতো অর্থ কোথা থেকে পেয়েছেন বা পাচ্ছেন, সেটা খতিয়ে দেখবে কমিশন।’সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাঁচ কোটি টাকা মূল্যের ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স নেন সৌমেন। এই অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলে ১৬ এপ্রিল অনির্ধারিত বৈঠকে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।৯ এপ্রিল গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল অঙ্কের টাকাসহ সুরঞ্জিত সেনগুপ্তর সাবেক এপিএস ওমর ফারুক, ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আটক হন। তাঁদের দাবি, তাঁরা রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়িচালক আলী আজম গাড়িটি সেখানে ঢুকিয়ে দেন।এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত ১৬ এপ্রিল রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী। ইউসুফ আলীর মতো এনামুল হককেও সাময়িক বরখাস্ত করা হয় এবং ফারুককে অব্যাহতি দেওয়া হয়।দুদকের অনুসন্ধান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, মূলত লাইসেন্স কেনার পাঁচ কোটি টাকা কোথা থেকে এসেছে, তা জানতেই এই অনুসন্ধান করা হচ্ছে। সেনগুপ্ত টেলিকমিউনিকেশনের লাইসেন্স প্রাপ্তি ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করছে দুদক। এ ছাড়া সৌমেনের ব্যাংক লেনদেনসহ আয়কর নথিও খতিয়ে দেখছেন কর্মকর্তারা।দুদকের উপপরিচালক আখতার হামিদ ভুঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামানের সমন্বয়ে দুই সদস্যের দল সেনগুপ্ত টেলিকমিউনিকেশনের বিষয়ে অনুসন্ধান করছে।মোখলেসুরকে জিজ্ঞাসাবাদ: ইউসুফ আলীর গাড়িচালক মোখলেসুর রহমানকে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘৯ এপ্রিল সকালে জিএম (ইউসুফ আলী মৃধা) চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় আসেন। তখন তাঁর সঙ্গে মনে হয় একটি কাঁঠালের বস্তা ও লাগেজ ছিল। আমি তাঁকে কমলাপুর রেলস্টেশন থেকে শাহজাহানপুরের বাসায় পৌঁছে দিই। সকাল নয়টায় তাঁকে রেল ভবনে নিয়ে যাই। তখন সঙ্গে কিছু ছিল না। সন্ধ্যায় বাসায় ফেরার সময়ও কিছু ছিল না। এর দেড় ঘণ্টা পর তিনি স্ত্রীকে নিয়ে বের হন এবং পথে এনামুলকে গাড়িতে তোলেন। ধানমন্ডির ৩ নম্বরে জিএমের শ্বশুরবাড়ির কাছে একটি জায়গায় জিএম ও এনামুল গাড়ি থেকে নেমে যান। এর আধা ঘণ্টা পর এপিএসের গাড়ি আসে।’এপিএসের গাড়িচালক আলী আজমের সঙ্গে তাঁর পরিচয় নেই—দাবি করে মোখলেসুর বলেন, ওমর ফারুককেও তিনি চেনেন না।রেলের মহাপরিচালক আবু তাহের এবং দুদকের উপপরিচালক মো. আবু সাঈদের নেতৃত্বে দুটি দল এই অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছে।দুদক ১৮ এপ্রিল ওমর ফারুক, ইউসুফ মৃধা ও এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে।তদন্ত কমিটি চট্টগ্রামে: রেলওয়েতে নিয়োগ-প্রক্রিয়ার অস্বচ্ছতা তদন্তে চার সদস্যের কমিটি গতকাল দিনভর চট্টগ্রামে সিআরবিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে। রেলওয়ে সূত্র জানায়, কমিটির নেতৃত্ব দেন রেলের যুগ্ম মহাপরিচালকের (যান্ত্রিক) পক্ষে সাইদুর রহমান। অন্য তিন সদস্য হলেন প্রধান সংকেত ও টেলিকম প্রকৌশলী নাসির উদ্দিন, যুগ্ম মহাপরিচালক (পরিচালন) মিয়া মোহাম্মদ জাহান ও উপপরিচালক (সংস্থাপন-৩) মোফাজ্জেল হোসেন। যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) শামসুজ্জামান অসুস্থতার কারণে বিদেশে থাকায় কমিটির নেতৃত্ব দিচ্ছেন সাইদুর রহমান।মিয়া মোহাম্মদ জাহান প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। সব নথি সংগ্রহ এবং নিয়োগ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে আমাদের আরও সময় লাগবে। এরপর আমরা ঢাকায় তদন্ত প্রতিবেদন জমা দেব।’সূত্র জানায়, ৩৮টি শ্রেণীতে প্রায় সাড়ে তিন হাজার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় রেল কর্তৃপক্ষ। ছয়টি পৃথক মামলার কারণে ১০টি শ্রেণীর ৬২৬ জনের নিয়োগ-প্রক্রিয়া ঝুলে গেছে। অন্য ২৮টির মধ্যে রেল কর্মকর্তারা ২৪টি শ্রেণীতে এক হাজার ১৭৭টি পদের বিপরীতে এক হাজার ১১৭ জনকে চূড়ান্ত নিয়োগ দিয়েছেন, যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন।