সৌমেনকে নির্দোষ ঘোষণা করল দুদক
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে নির্দোষ ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর সম্পর্কে সব ধরনের অভিযোগ মিথ্যা প্রমাণ পেয়ে সৌমেন-সংক্রান্ত যাবতীয় অনুসন্ধান নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আজ রোববার দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এবিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। গোলাম রহমান জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘আইসিএক্স’-এর (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) লাইসেন্স পেয়েছেন সৌমেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সেনগুপ্ত টেলিকম। ওই লাইসেন্সের ফি পাঁচ কোটি টাকা। এই টাকার উত্স নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে সৌমেনকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানান তিনি।সৌমেনের বিষয়ে অনুসন্ধানের যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন কমিশনের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামান। দুদকের চেয়ারম্যান আরও জানান, সেনগুপ্ত টেলিকমের শেয়ার হোল্ডার যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং দি নিউ জেনারেশন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিত্ কুমার দত্ত হচ্ছেন সৌমেন সেনগুপ্ত টেলিকমের মূল অর্থের জোগানদার।এই প্রতিষ্ঠানে একেক জনের ৬০ হাজার টাকা করে পুঁজি। আর দুই কোটি টাকার প্রাথমিক মূলধন দিয়েছেন সঞ্জিত্ কুমার। সঞ্জিত্ কুমারের প্রতিষ্ঠান থেকে ধার নিয়ে বিটিআরসির লাইসেন্স কেনা হয়েছে। এই প্রতিষ্ঠানে সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত, অগ্নি সিস্টেমের কর্মরত মতিবুর রহমান ও প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান হচ্ছেন কারিগরি অংশীদার। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের সুরঞ্জিত সেনগুপ্তের শেয়ারগুলো কিনে নিয়েছেন শাহেদ হাসান। তিনিও অর্থ লগ্নিকারী হিসেবে পরিচিত।সম্প্রতি বিটিআরসি থেকে পাঁচ কোটি টাকা মূল্যের আইসিএক্স লাইসেন্স নেন সুরঞ্জিতের ছেলে সৌমেন। তাঁর এই অর্থের উত্স নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলে ১৬ এপ্রিল দুদকের এক অনির্ধারিত বৈঠকে ওই ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এই ঘটনার ঠিক একদিন আগে (৯ এপ্রিল) গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল অঙ্কের টাকাসহ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আটক হন। তাঁদের দাবি, তাঁরা রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়ির চালক আলী আজম গাড়িটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফটকের ভেতর ঢুকিয়ে দেন। এরপর বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে আটক করেন। এ ঘটনায় রেলমন্ত্রী ১৬ এপ্রিল পদত্যাগ করেন। তবে তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী। এ ছাড়া জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত এবং ফারুককে অব্যাহতি দেওয়া হয়।কমিশনের অনুসন্ধান বিভাগে ‘সেনগুপ্ত টেলিকমিউনিকেশন’র লাইসেন্স প্রাপ্তি ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নথি, সৌমেনের ব্যাংক লেনদেনসহ আয়কর নথি এবং তাঁর সম্পদের হিসাব বিবরণী দেখা হয়। এরমধ্যে সৌমেন অনুসন্ধানকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকেও উপস্থিত হন।