সৌর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৪ চুক্তি
বেসরকারিভাবে কয়লাভিত্তিক ও সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চারটি চুক্তি করেছে সরকার। এসব কেন্দ্রের মাধ্যমে এক হাজার ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আজ মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ওরিয়ন গ্রুপ ও সোলারিয়াম পাওয়ার লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে পৃথকভাবে এসব চুক্তি স্বাক্ষর করে।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওবায়দুল করিম জানিয়েছেন, ওরিয়ন গ্রুপ মুন্সিগঞ্জের মাওয়াতে ৫২২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন, চট্টগ্রামে ২৮২.৬৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এবং খুলনায় ২৮২.৬৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। বিদ্যুৎকেন্দ্র তিনটি নির্মাণে তাঁরা ১৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবেন। ডেইলি স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, সোলারিয়াম পাওয়ার লিমিটেডের সঙ্গে পিডিবি চতুর্থ চুক্তিটি করে। ময়মনসিংহে প্রস্তাবিত এ বিদ্যুৎকেন্দ্রটিতে সৌর পদ্ধতি ব্যবহার করে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানান, কেন্দ্রটি স্থাপনে ২৩৫ কোটি টাকা ব্যয় হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তিনটি আগামী তিন থেকে চার বছরের মধ্যে চালু হবে। আর সোলারিয়াম আগামী দুই বছরের মধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাবে।