সৌরভহীন সুরভি উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সুরভি উদ্যানে বখাটেদের উত্পাত বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া উদ্যানের দশাও বেহাল। শিশুদের খেলার দোলনাও ভেঙে গেছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্ব পেলেও এতে আর কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জানা গেছে, বিগত ৯৮ সালে জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠের অর্ধেক স্থানে একটি উদ্যান করা হয়। আগে এ মাঠে নানা ধরনের খেলাধুলাসহ বাংলার ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হতো। এখানে কিছু গাছগাছালি লাগিয়ে, চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করে, পরে এর নামকরণ করা হয় ‘সুরভি উদ্যান’। এখানে শিশুদের জন্য কয়েকটি দোলনা বসানো হলেও এগুলো এখন ভেঙে গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইন স্কুল ও কলেজ, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর সরকারি কলেজ ও জেলা শিশু একাডেমী-সংলগ্ন এ উদ্যানটি অবস্থিত। সরেজমিনে দেখা গেছে, তিনটি ঝুলন্ত দোলনার মধ্যে একটি দোলনাও সচল নেই। তিনটি ঢেকি দোলনা রয়েছে, তবে তা নড়বড়ে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিশুর অভিভাবকেরা। প্রধান গেটটি বন্ধ থাকে। সেখানে লেখা আছে সাইকেল ভেতরে নেওয়া নিষেধ। সাইকেলসহ অন্য কোনো বাহন রাখার বাইরে কোনো গ্যারেজও নেই। উদ্যানের নেই কোনো কেয়ারটেকার। সাইকেল তালা মেরে বাইরে রেখে উদ্যানের ভেতরে গেলে বিভিন্ন সময় তা চুরি হয়ে যাচ্ছে। এ ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উদ্যানে বখাটেদের উত্পাত বেড়ে গেছে। ফলে প্রায় সময়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া যায়। শহরের ধাপ এলাকা থেকে ছেলেমেয়েদের নিয়ে আসা একজন মহিলা হোসনে আরা বলেন, ‘এটি যেন অভিভাবকহীন উদ্যান।’ নাম প্রকাশে অনিচ্ছুক শহরের কেরানীপাড়ার এক মহিলা আক্ষেপ করে বলেন, ‘শিশুদের নিয়ে যে একটু কোথাও বেড়াব, তারও কোনো উপায় দেখছি না। বখাটেরা নানা ধরনের কুরুচিপূর্ণ কথা বলে থাকে। এতে করে সন্তানদের কাছে লজ্জায় পড়তে হয়।’ জেলা প্রশাসন সূত্র জানায়, খাস খতিয়ান অনুযায়ী এ জায়গাটি জেলা প্রশাসনের আওতাধীন। কিন্তু এর বেহাল দশা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। পৌর মেয়র এ কে এম আবদুর রউফ অভিযোগ করে বলেন, ‘এই উদ্যানটির বেহাল দশার কথা আমি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তুলে ধরেছি। কিন্তু এর কোনো কার্যকারিতা না পাওয়ায় আমি অসন্তুষ্ট।’ এদিকে এ উদ্যানটি দেখভালের দায়িত্ব নিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসির দায়িত্বে) নাজমুল হুদা প্রথম আলোকে জানান, বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উঠেছে।