স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটের সিদ্ধান্ত
স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনে একমত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড আজ রোববার একটি চুক্তি স্বাক্ষর করেছেন।বিবিসির খবরে বলা হয়, স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী ২০১৪ সালের হেমন্তে অনুষ্ঠেয় হ্যাঁ-না ভোটের ফলাফলের ওপর নির্ভর করবে দেশটি ব্রিটেনের অধীনে থাকবে কি না। এই ভোটে ১৬-১৭ বছর বয়সীরাও অংশ নিতে পারবে।২০১১ সালের নির্বাচনে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বিপুল ভোটে বিজয়ী হয় এবং স্কটল্যান্ডের পার্লামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে। স্বাধীনতার দাবিতে সোচ্চার দলটি ব্যাপক আন্দোলন, সংগ্রাম ও প্রচারাভিযানের পর ব্রিটিশ সরকারকে গণভোট আয়োজনে বাধ্য করতে সক্ষম হয়।গণভোট আয়োজনের জন্য স্কটিশ পার্লামেন্টকে বিশেষ ক্ষমতা দিয়ে আইন পাস করতে হবে যুক্তরাজ্য সরকারকে। আশা করা হচ্ছে, খুব শিগগির যুক্তরাজ্য সরকার স্কটিশ পার্লামেন্টকে সীমিত ক্ষমতা দিয়ে নতুন আইন পাস করবে।চুক্তির বিষয়ে অ্যালেক্স স্যালমন্ড বলেন, এ চুক্তির লক্ষ্য হলো স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজন করা। তবে, ডেভিড ক্যামেরন জানান, যুক্তরাজ্যকে ঐক্যবদ্ধ রাখাই তাঁর সরকারের সর্বোচ্চ লক্ষ্য।ক্যামেরন বলেন, ‘এর মধ্য দিয়ে স্কটল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো এবং নতুন বিতর্কের সূচনাও ঘটল। এর (গণভোট) মধ্য দিয়ে নির্ধারিত হবে স্কটল্যান্ড আলাদা হয়ে যাবে, নাকি যুক্তরাজ্য টিকে থাকবে। যুক্তরাজ্যের প্রয়োজনে আমি ইতিবাচক বিতর্কের সূচনা করতে চাই। এখন পুরোটা নির্ভর করছে স্কটল্যান্ডের মানুষের ওপর, তারা কোন ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে।’