স্কাইপ আলাপ থেকে আপদে বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার সূত্রপাত হয়েছিল ৬ ডিসেম্বর। ওই দিন ট্রাইব্যুনাল-১ একটি আদেশ দেন। তাতে জানা যায়, দেশে-বিদেশে আন্তর্জাতিক অপরাধ আইনের অগ্রগতির বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশের নাগরিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপের মাধ্যমে বিভিন্ন সময় কথা বলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। চলমান বিচার কার্যক্রমের বিভিন্ন সময় জিয়াউদ্দিনের কাছ থেকে তিনি সহযোগিতা নিয়েছেন। দু-তিন দিন আগে চেয়ারম্যান বুঝতে পারেন, তাঁর ও জিয়াউদ্দিনের কম্পিউটার হ্যাক করা হয়েছে। ৫ ডিসেম্বর রাতে দি ইকোনমিস্ট থেকে বিচারপতি নিজামুল হকের কাছে ফোন করে বলা হয়, চেয়ারম্যান ও জিয়াউদ্দিনের মধ্যে কথোপকথন তাদের কাছে আছে এবং এ বিষয়ে তারা কয়েকটি প্রশ্ন করে। বিচারকের গোপনীয়তা নষ্ট করে আদালত অবমাননার অভিযোগে দি ইকোনমিস্ট-এর চীন সংস্করণের সম্পাদক রব গিফোর্ড ও দক্ষিণ এশীয় ব্যুরোপ্রধান এডাম রবার্টসের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন বিচারপতি নিজামুল হক। আদেশে ট্রাইব্যুনাল রব গিফোর্ড ও এডাম রবার্টসকে চেয়ারম্যানের ই-মেইল ও স্কাইপ অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্য গোপন রাখার নির্দেশ দেন। এর পরই ৯ ডিসেম্বর আমার দেশ ‘গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তাঁরা একটা রায় চায়’ শীর্ষক শিরোনামে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন ছাপানো শুরু করে। তিন দিন ধরে এই কথোপকথন প্রকাশ করেছে পত্রিকাটি। ১০ ডিসেম্বর কথোপকথনের আরেক পর্ব প্রকাশ করার পর বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা তাঁর পদত্যাগ দাবি করেন। সর্বশেষ গতকাল আমার দেশ-এ কথোপকথনের আরেক পর্ব ছাপানো হয়। গতকালই পদত্যাগ করেন তিনি। তবে আমার দেশ-এর প্রতিবেদন নিয়ে কোনো প্রতিবাদ করেননি কেউ।নিজামুল হক ট্রাইবুনাল-১-এর চেয়ারম্যান ছিলেন। আহমদ জিয়াউদ্দিন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল’ ইয়ার এবং ‘সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড স্টাডিজ ইন বেলজিয়াম’-এর আইনজীবী এবং ‘সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড স্টাডিজ ইন বেলজিয়াম’-এর পরিচালক। তিনি ব্রাসেলস ক্যাথলিক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতাও করেন। প্রকাশিত দীর্ঘ এসব কথাবার্তায় এটি স্পষ্ট যে, বিচারপতি নিজামুল হক নিয়মিত বিচারের নানাদিক নিয়ে বিদেশে অবস্থানরত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। কোন মামলা কীভাবে এগুবে, কোনটার রায় কখন দিলে ভালো হবে এসব আইনগত বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। কথোপকথন থেকে এটিও পরিষ্কার যে, সরকারপক্ষ রায় দ্রুত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তবে রায়ের ধরন নিয়ে কোনো চাপের কথা কথোপথনে নেই। তবে কথোপথনে ট্রাইব্যুনালের অন্য বিচারকদের নিয়েও কিছু কথাবার্তা রয়েছে। আলোচনা আছে বিচারপতি নিয়োগ নিয়েও। কয়েকজন মন্ত্রীর বিষয়েও কথা বলেছেন তাঁরা। কয়েকজন আইনজীবী ও সরকার-সমর্থক কিছু ব্যক্তি নিয়েও কথাবার্তা রয়েছে। কিছু ব্যক্তির যোগ্যতা ও সততা নিয়েও প্রশ্ন রয়েছে কথোপকথনে। এসব কিছু কিছু বিষয়ে বিব্রতকর বলেও মনে করছেন অনেকে। ট্রাইব্যুনালের একজন সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ নিয়ে গতকাল ট্রাইব্যুনালে বক্তব্যও দিয়েছেন। দৈনিক আমার দেশ-এর দাবি অনুযায়ী, গত ১৪ অক্টোবর যেসব কথাবার্তা হয় তার মধ্যে অন্যতম ছিল কার বিরুদ্ধে কখন রায় দেওয়া হবে তা নিয়ে। বিচারপতি নিজামুল হক এ সময় ব্যক্তিগত মতামত দিয়ে বলেন, সম্ভব হলে গোলাম আযমের রায় প্রথম দেওয়া হতে পারে। এর পর দেলাওয়ার হোসাইন সাঈদী ও কাদের মোল্লা। তবে তা সম্ভব না হলে সাঈদীর রায় প্রথমে তারপর গোলাম আযম ও কাদের মোল্লা। কারণ, গোলাম আযম অপরাধী দলের নেতা। উল্লেখ্য, সাঈদীর রায় যেকোনো সময় হবে বলে আদালত জানিয়ে দিয়েছেন। কথোপকথনের সময় তাঁরা আরও আলোচনা করেন, গোলাম আযমের বিচার প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে। তবে আহমদ জিয়াউদ্দিন সে সময় বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে রায়ের জন্য সরকারের চাপ থাকলেও একই চাপ আগের বছরও দেওয়া হয়েছিল। তাঁরা আরও আলোচনা করেন, ট্রাইব্যুনালের রায়কে ছোট বলে দেখার কারণ নেই। কারণ, এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিশ্লেষণ হবে। সুতরাং সেভাবেই রায় দিতে হবে। সরকারকে বোঝাতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়টিতে তাড়াহুড়া করা ঠিক হবে না। কথোপকথনে রায় লেখা নিয়ে আলোচনা রয়েছে। মাত্র সাত দিনের মধ্যে ৫০০ পাতার রায় লেখা সম্ভব কি না, সে প্রশ্নও তুলেছিলেন আহমদ জিয়াউদ্দিন। এটা যে কঠিন কাজ, সে কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছিলেন, প্রথম রায় বলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এ কাজটি সরকারের চাহিদার সময়ের মধ্যে করা সম্ভব হবে না। এ সময় রায় লেখার পর তা ঠিকঠাকমতো উপস্থাপন করতে সহায়তা দেওয়ার কথাও বলেছিলেন আহমদ জিয়াউদ্দিন। এ ছাড়া দীর্ঘ ওই আলাপে ব্যক্তিগত নানা বিষয়, সংশ্লিষ্ট আইনজীবীদের কথা, সরকারের অবস্থান, বিভিন্ন মামলার অগ্রগতি, কেন যুদ্ধাপরাধের বিচার জরুরি, কারা এর বিরোধিতা করছে ইত্যাদি নানা বিষয়ে দীর্ঘ আলাপচারিতা রয়েছে।