স্কাইপে কথোপকথন, জিয়াউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপে কথোপকথন নিয়ে ব্রাসেলস-প্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ নোটিশ দেন। ট্রাইব্যুনাল বলেন, সাবেক পদত্যাগী বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপে কথোপকথন হয়েছে। তিনি ট্রাইব্যুনাল-২ নিয়ে মন্তব্য করেছেন। এই কথোপকথন যদি সত্য হয়ে থাকে, তবে এর ফলে ট্রাইব্যুনালের স্বাধীনতা ও চলমান বিচারপ্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। যদি তিনি এসব কথা বলে থাকেন, তবে কোন এখতিয়ারে তিনি তা বলেছেন, তা জানতে চাওয়া হয়েছে।ট্রাইব্যুনাল আদেশের দুটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেলজিয়ামে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। ৭ ফেব্রুয়ারি বেলজিয়ামে তিনি বাংলাদেশ মিশনে তাঁর ব্যাখ্যা জমা দেবেন। ১৪ ফেব্রুয়ারির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।