স্কাইপে কথোপকথন বা এ-সংক্রান্ত লেখা ছাপানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন বা এর সঙ্গে সম্পর্কিত লেখা না ছাপানোর নির্দেশ দিয়েছেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।বেলা দুইটার দিকে বিচারপতি ওবায়দুল হাসান, নবনিযুক্ত সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। শুরুতেই রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত আমার দেশ ও সংগ্রাম পত্রিকায় বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথনের ওপর প্রতিবেদন ছাপানোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমার দেশ কয়েক দিন ধরে স্কাইপের ‘কথিত’ কথোপকথনের ওপর প্রতিবেদন প্রকাশ করছে। সংগ্রামও এ নিয়ে নেতিবাচক প্রতিবেদন ছাপাচ্ছে। ইচ্ছা করে এ ধরনের প্রতিবেদন ছাপানোর মাধ্যমে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে মানুষের মনে ট্রাইব্যুনাল সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। স্কাইপের কথোপকথন হ্যাক করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ একটি অপরাধ, পরে তা গণমাধ্যমে প্রকাশ করা আরেকটি অপরাধ। তিনি এই ‘কথিত’ কথোপকথন ও এর ওপর ভিত্তি করে প্রতিবেদন ছাপানো বন্ধের আরজি জানান। একই সঙ্গে তিনি পত্রিকা দুটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবীদের কিছু বলার আছে কি না, তা জানতে চান ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তাঁদের কিছু বলার নেই। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে কথোপকথন ও ই-মেইলে যোগাযোগ হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন থেকে এ দাবি করা কথোপকথন ও ই-মেইল এবং এ-সম্পর্কিত লেখা ছাপানো থেকে আমার দেশ, সংগ্রামসহ দেশের সব দৈনিক, অনলাইন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমকে বিরত থাকতে হবে। ট্রাইব্যুনাল এই আদেশের অনুলিপি আমার দেশ ও সংগ্রাম পত্রিকার সম্পাদক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেজিস্ট্রারকে নির্দেশ দেন।ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার স্কাইপে বেলজিয়ামপ্রবাসী আইন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান—এ দাবি করে ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আমার দেশ সেই কথোপকথন প্রকাশ করে। এ নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে গত মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক।নিরাপত্তা জোরদার: পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত দুটি ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। গতকাল ট্রাইব্যুনালের সদর দরজা থেকে শুরু করে এজলাস পর্যন্ত দুই দফা নিরাপত্তা তল্লাশি দেখা যায়। সাংবাদিক, পর্যবেক্ষক ও আইনজীবীদের কাছে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে কি না, তা তল্লাশি করার পর তাঁদের এজলাসে ঢুকতে দেওয়া হয়। মুঠোফোন জমা রাখার বিষয়ে আরও কড়াকড়ি দেখা যায়।সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখতে যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, নতুন করে বিচার শুরুর যে দাবি আসামিপক্ষ তুলেছে, তা হাস্যকর। মামলা যেখানে ছিল, আইন অনুসারে সেখান থেকে শুরু হবে। বিচার বিলম্বিত করার জন্য তারা এ দাবি করছে।তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা বিচারপতির আচরণবিধি পরিপন্থী কি না, এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘বিচারপতি একজন মানুষ, তাঁর কিছু অভিব্যক্তি আছে। এ কথাবার্তায় মূল বিচার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি না।’পুনর্গঠিত ট্রাইব্যুনাল: ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে বিচারপতি এ টি এম ফজলে কবীর ও ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান পদে বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগ করে গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া ট্রাইব্যুনাল-২-এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে। বেলা ১১টার দিকে এই প্রজ্ঞাপন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছায়। এ সময় ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম চলছিল। প্রজ্ঞাপন জারির বিষয়টি ট্রাইব্যুনালকে জানানোর পর এই মামলার কার্যক্রম মুলতবি করা হয়।এ সময় বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত সবার উদ্দেশে বলেন, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী দিন থেকে তিনি সেখানে কার্যক্রম পরিচালনা করবেন। তবে গতকাল ট্রাইব্যুনাল-১-এর কোনো কার্যক্রম চলেনি। সকালে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন দেওয়া হয়। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেলে বিচারপতি এ টি এম ফজলে কবীর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন।বিচার একটু তো দেরি হবেই: চেয়ারম্যানের পদ থেকে বিচারপতির সরে দাঁড়ানোর পর থেকে মুখ খুলছেন না রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। তবে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিন ধরে যেসব ঘটনা ঘটেছে, তাতে বিচার একটু তো দেরি হবেই। তার পরও বেশি দেরি হওয়ার সুযোগ নেই। কারণ, ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে।’