স্কাউট জাম্বুরি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দিনবদলে স্কাউটিং—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে অষ্টম স্কাউট জাম্বুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল দশটা ৪৫ মিনিটে অষ্টম স্কাউট জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক যুব আন্দোলন। দেশের শিশু-কিশোর ও যুবক-যুবতীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সত্, চরিত্রবান, ন্যায়পরায়ণ, আত্মপ্রত্যয়ী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ‘আমাদের ভবিষ্যত্ প্রজন্ম তথা শিশু-কিশোর, তরুণ-তরুণীরা স্কাউটিংয়ের মতো মহান আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এবারের জাম্বুরির প্রতিপাদ্য- দিনবদলে স্কাউটিং। বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডে যে আধুনিক তথ্যপ্রযুক্তি সমন্বয়ে গতিশীল ধারা প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের যুবসমাজ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের দিনবদলের কার্যক্রম বাস্তবায়নে অবদান রাখবে। গত বছর বাংলাদেশ স্কাউট ও স্বাস্থ্য মন্ত্রণালয় একযোগে দেশে প্রায় ৫৫০টি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ শেখ হাসিনা স্কাউট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘স্কাউটিং কর্মসূচিকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নিন, যাতে আজকের প্রজন্ম নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।’ মৌচাক এলাকার বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চার ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তোলা হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান ও জাম্বুরি চিফ আবুল কালাম আজাদ।সকাল দশটা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্কাউট ক্যাম্পে পৌঁছালে স্কাউটের জাতীয় কমিশনার নাজমা খান তাঁকে স্বাগত জানান।