স্কুল, না কমিউনিটি সেন্টার!
বড় বড় দুটো চুলা জ্বলছে। তার পাশে পেঁয়াজ, রসুন, কাঁচা তরকারি কাটাকাটি করছেন বেশ কয়েকজন। বাইরে লোকজনের বিরাট আনাগোনা, হইচই।প্রথম দেখায় মনে হতে পারে বিয়েবাড়ি। কিন্তু এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলাকালের দৃশ্য। বংশালের এফ কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতই চলে এ ধরনের বিয়ে ও হলুদের অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষ বারবার বলেও এ ধরনের অনুষ্ঠান বন্ধ করতে পারছে না। ফলে ছোট ছেলেমেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে চরমভাবে।একই চিত্র দেখা গেল নাজিরাবাজার বালিকা সরকারি উচ্চবিদ্যালয়ে। স্কুলের ভেতরে বিয়ের মঞ্চ। স্কুলজুড়ে বড় বড় হাঁড়ি-ডেকচি।স্কুলে পাঠদান চলাকালে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।কেবল এ দুটি নয়, পুরান ঢাকার অনেক বিদ্যালয়েই একই সমস্যা।আলাপকালে এসব স্কুলের শিক্ষকেরা জানালেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের জন্য স্কুল প্রাঙ্গণ ভাড়া দিচ্ছেন। সব মিলে পুরান ঢাকার কয়েকটি স্কুল যেন পরিণত হয়েছে কমিউনিটি সেন্টারে।দৃষ্টি আকর্ষণ করা হলে কোতোয়ালি থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুমানা সাব্বির প্রথম আলোকে বলেন, ‘আমরা বারবার চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারছি না। তবে স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে, তারা যেন এ ধরনের অনুষ্ঠানে রাজি না হয়।’এফ কে এম প্রাথমিক বিদ্যালয়: পুরান ঢাকার শিক্ষা প্রসারে ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যালয়ের চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ‘কমিউনিটি সেন্টার’ করা হয়েছে। প্রতিদিনই এখানে কোনো না কোনো অনুষ্ঠান চলে।প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বংশাল বেসরকারি বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ চারতলা ভবনের তিনটি তলাই দখল করে নিয়েছে। প্রায়ই তারা নানা অনুষ্ঠানের জন্য স্কুল ভাড়া দিচ্ছে।এফ কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী লায়লা আক্তার জানান, তাঁর বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নেই বললেই চলে। তিনি বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানিয়েছি। কিন্তু বংশাল বেসরকারি বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ কথা কানেই তুলছে না।’নাজিরাবাজার বালিকা বিদ্যালয়: পুরান ঢাকার একটি প্রাচীন বিদ্যাপীঠ এটি। সম্প্রতি ওই স্কুলে গিয়ে দেখা গেল অদ্ভুত দৃশ্য। বিদ্যালয়ের প্রবেশপথেই বিয়ের মঞ্চ। স্কুলের দেয়ালে কাপড় টানিয়ে বিয়ের সাজসজ্জা। অতিথিদের বসার জন্য চেয়ার। বড় বড় হাঁড়ি, ডেকচি ছড়ানো-ছিটানো। জানা গেল, বেসরকারি নাজিরাবাজার বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ বিয়ের অনুষ্ঠান করার জন্য স্কুল প্রাঙ্গণ ভাড়া দিয়েছে।বিদ্যালয়ের এই অবস্থা কেন জানতে চাইলে প্রধান শিক্ষক আবু সাইদ বললেন, ‘কী অবস্থার মধ্যে আছি, বুঝুন তাহলে। এর মধ্যেই বাচ্চাদের পড়াতে হয়। যখন ভেতরে রান্নাবান্না শুরু হয়, তখন পুরো বিদ্যালয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।’ তিনি বলেন, ‘জায়গা সরকারি স্কুলের, কিন্তু বেসরকারি একটি বিদ্যালয় তা দখল করে রেখেছে। সব সময়ই কোনো না কোনো অনুষ্ঠান চলছে। প্রতিবাদ করায় আমাদের হুমকি দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীরা টিফিনের সময় পর্যন্ত বেরোতে পারে না।’স্কুলের জায়গা কেন অনুষ্ঠান করার জন্য ভাড়া দেওয়া হয়, জানতে চাইলে নাজিরাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মূল মালিকই আমাদের এই জায়গা দিয়েছে। তাই আমরা এখানে আছি।’ যখন তখন বিয়ের অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা স্কুলে ছয়জন শিক্ষক ও দুজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তাঁদের বেতনের টাকা ওঠানোর জন্য মাঝেমধ্যে অনুষ্ঠান করতে হয়।’এছাড়া সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়, নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহুতটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সমস্যা বিরাজমান।