দেশের ১৬ হাজার ৬৬৬টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র (১৫ খণ্ড) বিতরণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের কাছ থেকে প্রতি সেট ১৫ হাজার টাকায় কিনে তা এসব প্রতিষ্ঠানে বিনা মূল্যে দেওয়া হবে। এ বাবদ সরকারের খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খণ্ডের এই দলিলপত্রের মূল্য নিয়ে শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়ের কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশ্ন তুলেছেন। তাঁরা আরও বলছেন, দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় গ্রন্থাগার নেই। তা ছাড়া ১২ হাজার ৭৩৫ পৃষ্ঠার স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র স্কুল-কলেজের শিক্ষার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও সংশয় প্রকাশ করেন কয়েকজন শিক্ষক।এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় হাক্কানী পাবলিশার্স শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পে সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র বিক্রি করেছিলেন। জোট সরকারের মেয়াদে তথ্য মন্ত্রণালয় ওই দলিল ছাপার কার্যাদেশ দিয়ে তা শিক্ষা মন্ত্রণালয়কে কিনতে বলেছিল। পরে অস্বাভাবিক দামে ওই দলিলপত্র কিনতে অস্বীকৃতি জানায় শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রকল্প। এ বিষয়ে জোট সরকারের মেয়াদে শিক্ষা, তথ্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিরোধে জড়িয়ে পড়ে। অভিযোগ যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে। এর পরপরই তথ্যমন্ত্রী তরিকুল ইসলামকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। সাবেক ওই তথ্যমন্ত্রী এই দলিলপত্র কেনায় মধ্যস্থতা করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তিন মন্ত্রণালয়ের বিরোধ চলাকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতাযুদ্ধের ১৫ খণ্ড দলিলপত্র প্রকাশ করে এবং এর দাম কমিশন বাদে রাখা হয় দুই হাজার ২০০ টাকা। সরকারি ও বেসরকারি পর্যায়ে একই বইয়ের দামে এমন ব্যবধান নিয়ে প্রশ্ন ওঠে। হাক্কানী পাবলিশার্স তখন বইয়ের কাগজ ও বাঁধাইয়ের মান এবং আনুষঙ্গিক বিভিন্ন খরচের প্রসঙ্গ উল্লেখ করে দামের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে। তার পরও কার্যাদেশ দিয়ে বই না কেনায় হাক্কানী উচ্চ আদালতে মামলা করে। রায় প্রকাশনা সংস্থার পক্ষে গেলেও জোট সরকারের সময় ওই দলিলপত্র নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তখন ওই সংস্থা দাম ১৫ হাজার থেকে কমিয়ে ১২ হাজার টাকা নির্ধারণে মৌখিক সম্মতি দিয়েছিল। কিন্তু প্রকল্পের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ১০ হাজার টাকা। এরপর প্রকাশনা সংস্থা আইনি লড়াইয়ের পথে এগোতে থাকে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেসরকারি সংস্থাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রতি সেট ১৫ হাজার টাকা দামেই সাড়ে তিন কোটি টাকা ছাড় করিয়ে নেয়।জানা যায়, বর্তমান সরকারের মেয়াদে আবারও হাক্কানী পাবলিশার্স প্রতি সেট দলিলপত্র ১৫ হাজার টাকা দামে সরকারের কাছে বিক্রি করছে। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ওই দাম ছয় হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আগের উদাহরণ টেনে ১৫ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানে দলিলপত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে নতুন প্রজন্ম জানতে পারে, সেই উদ্দেশ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই দলিলপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই দেওয়া হবে।’শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিকল্পনা ও উন্নয়ন শাখা দলিলপত্র বিতরণের কাজ করছে। মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ‘আজ বৃহস্পতিবার দলিলপত্র বিতরণের কাজ শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে এই দলিলপত্র থাকবে। সেখান থেকে প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক যে কেউ তা পড়তে পারবে।’শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, সব প্রতিষ্ঠানে গ্রন্থাগার না থাকলেও প্রতিটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের কক্ষে আলমারি রয়েছে, সেখানে দলিলপত্র রাখা যাবে।মাউশির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রথম পর্বের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যালয় দুই হাজার ৮৬৯টি, কলেজ ৯১৮টি ও মাদ্রাসা রয়েছে এক হাজার ২১৩টি।অস্বাভাবিক দাম প্রসঙ্গে জানতে চাইলে মুদ্রণকারী প্রতিষ্ঠান হাক্কানী পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, এই দলিলপত্র বিশেষ কাগজে ছাপা এবং বাঁধাই উন্নতমানের। তিনি আরও বলেন, ‘রয়ালটি, করসহ প্রায় ২০ শতাংশ টাকা সরকারকে দিতে হচ্ছে। সবকিছুর পর দাম তো আর আমরা ঠিক করিনি, এটা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।’ এ বিষয়ে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবশ্যই ইতিহাস শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধের বইপত্র তো রাখতে হবে। তবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র-এর ১৫ খণ্ড শিক্ষার্থীদের জন্য দেওয়া হলে তারা নাড়াচাড়া করতে পারবে না, বরং ভয় পাবে। তিনি মনে করেন, ১৫ খণ্ড সারসংক্ষেপ করে শিক্ষার্থীদের পাঠের উপযোগী করা উচিত ছিল। এরপর সেটি তাদের দিতে পারলে কাজে লাগত। তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লাইব্রেরি খুবই অবহেলিত। অবকাঠামোগত সমস্যা রয়েছে। এ কারণে মূল্যবান ওই দলিলপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে।’