স্কুল থেকে বাসায় ফিরে মা আলেয়া বেগমের (৩৫) লাশ পেল তাঁর কিশোরী মেয়ে বন্যা। দুর্বৃত্তরা আলেয়া বেগমের বাসায় ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। গতকাল শনিবার মিরপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আলেয়া বেগম তাঁর একমাত্র মেয়ে বন্যাকে নিয়ে মিরপুর ১ নম্বর সেকশনের ডি-ব্লকের ৭ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলী আক্কেস তিন মাস আগে মারা গেছেন। প্রতিদিনের মতো গতকাল সকালে শাহ আলী গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী বন্যা স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে সে বাসায় ফিরে দরজার বাইরে থেকে ছিটকিনি লাগানো দেখতে পায়। ছিটকিনি খুলে ঘরে ঢুকে তার মাকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে বন্যা। তার কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে আলেয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আলেয়া অনেক আগেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।আলেয়া যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির চতুর্থ তলার এক বাসিন্দা পুলিশকে জানান, বেলা ১১টার দিকে ২২-২৩ বছরের তিন যুবককে তিনি ষষ্ঠ তলা থেকে নামতে দেখেছেন। নামার সময় তাঁদের একজন তাঁকে ধাক্কা দিলে তিনি ওই যুবকদের গালাগালও দেন।প্রতিবেশীরা জানান, কোনোভাবেই বন্যার কান্না থামানো যাচ্ছে না। স্বজনদের কোনো সান্ত্বনাই কাজে আসছে না। সে বিলাপ করে বলে, ‘এর আগে বাবা মারা গেল, এখন মা মরল। মা ছাড়া আমি কেমনে বাঁচব।’পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে জানান, আলেয়ার গলায় আঘাতের এবং গালে আঁচড়ের চিহ্ন ছিল। তাঁর বাসার শোবার ঘরে আলমারির কাপড়চোপড় ছড়ানো-ছিটানো থাকলেও বসার ঘরের সবকিছু গোছানো ছিল।ডিসি বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বপরিচিতরা বাসায় ঢুকে আলেয়াকে শ্বাসরোধে হত্যা করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক।মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লা জানান, ঘটনাটি ডাকাতি মনে হচ্ছে না। কিছু কাপড়চোপড় মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও সবকিছু অক্ষত ছিল। ঘটনার পেছনে পূর্বশত্রুতাসহ একাধিক কারণ থাকতে পারে। এসব উদ্ঘাটনে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। আলেয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানান, মাকে হারিয়ে বন্যা এখন পাগলপ্রায়। তার সঙ্গে হত্যাকাণ্ডের পূর্বাপর নিয়ে কথাও বলা যাচ্ছে না। আলেয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।