স্কুল পর্যায়ের গণিত শিক্ষার মান উন্নয়ন ও আমাদের করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ আগস্ট বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ও ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘স্কুল পর্যায়ের গণিত শিক্ষার মান উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁদের আলোচনা সংক্ষিপ্ত আকারে ছাপা হলো এখানে।যাঁরা অংশ নিলেন নুরুল ইসলাম নাহিদ মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মো. ইয়াছিন আলী ব্যবস্থাপনা পরিচালক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড  মুহম্মদ জাফর ইকবাল সহসভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি  অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ সদস্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। মো. আবদুস সাত্তার সভাপতি, বাংলাদেশ গণিত সমিতি ও কোষাধ্যক্ষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এম এ হাকিম খান বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, বুয়েট মো. শফিকুল ইসলাম সম্পাদক, বাংলাদেশ গণিত সমিতি ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়  ব্রাদার লিও পেরেরা অধ্যক্ষ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল রাজিয়া বেগম গণিত শিক্ষক, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাহবুব মজুমদার কোচ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল।  মুনির হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি তানভীর আহমেদ ভূঁইয়া সাবেক সদস্য, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল ও আমেরিকার ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসঞ্চালকআব্দুলকাইয়ুমযুগ্ম সম্পাদক, প্রথম আলো কোষাধ্যক্ষ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিআব্দুল কাইয়ুমআমাদের দেশে গণিতের প্রতি শিক্ষার্থীদের মধ্যে ভীতি দেখা যায়। অথচ গণিত সমাজে বিজ্ঞানসম্মত ধারণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের দেশের শিক্ষাবিদদের সঙ্গে আমরা বার বার আলোচনা করেছি, কীভাবে গণিতকে স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে আরও জনপ্রিয় ও আগ্রহী করে তোলা যায়, সে বিষয়ে। প্রথম আলো ও শিক্ষাবিদদের যৌথ উদ্যোগে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গঠন করা হয়। যার মূল লক্ষ্য ছিল গণিতকে স্কুল ও কলেজপর্যায়ে শিক্ষার্থীদের কাছে আগ্রহী করে গড়ে তোলা। সারা দেশে প্রতিবছর গণিত উত্সবের আয়োজন করা হয়। ২০০৩ সাল থেকে দীর্ঘ আট বছর ধরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সবের আয়োজন করা হচ্ছে। যার মূল আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। গত বছর আমাদের দুজন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে দুটি ব্রোঞ্জ এবং এ বছরও আমাদের একজন শিক্ষার্থী ব্রোঞ্জ পদক জয় করেছে। বাংলাদেশে প্রতিবছর ১৪টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীদের নিয়ে সবশেষে ঢাকায় জাতীয় গণিত উত্সবের আয়োজন করা হয়। এর মাধ্যমে ২৫-৩০ জনের বাছাই করা সেরা গণিত শিক্ষার্থীদের নিয়ে দল গড়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাদের প্রশিক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের দল পাঠানো হয় প্রতিযোগিতার জন্য। আজকের গোলটেবিল বৈঠকে ‘স্কুল পর্যায়ে গণিত শিক্ষার মান উন্নয়নে আমাদের করণীয়’ কী সে বিষয়ে আলোচনা করা হবে। আরও আলোচনা করা হবে, কীভাবে গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করা যায় এবং গণিতকে কীভাবে আনন্দময় করা যায়, গণিতের শিক্ষাপদ্ধতির কীভাবে উন্নয়ন করা যায়। আলোচনার শুরুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবালকে অনুরোধ করব বলার জন্য।মুহম্মদ জাফর ইকবালগণিতের প্রতি আমাদের শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি প্রতিবছর সারা দেশে গণিত উত্সব আয়োজন করে থাকে। পাশাপাশি বিভিন্ন সেমিনার ও গোলটেবিল আলোচনার মাধ্যমে স্কুল পর্যায়ে গণিতের মান উন্নয়নে আমাদের কী করা উচিত, সে বিষয়ে আলোচনা করা হয়। আমি মনে করি, গণিতের পাঠদানের পদ্ধতিকে পরিবর্তন করে আনন্দময় করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিজেরাই আগ্রহী হয়ে গণিত শেখে। তানভীর আহমেদ ভূঁইয়াগণিত অলিম্পিয়াডে আমার অভিজ্ঞতা হলো, কিছু কিছু শিক্ষার্থী থাকে, যারা নিজেরা গণিতের প্রতি অতি উত্সাহী। নিজেদের চেষ্টা ও উদ্যোগ কাজে লাগিয়ে তারা ভালো করে। স্বল্পসংখ্যক শিক্ষার্থী যারা গণিত উত্সবে যোগ দিত, তাদের বাইরে সীমিতসংখ্যক শিক্ষার্থী থাকত, যারা গণিতের প্রতি আগ্রহী। অথবা গণিতের প্রতি আগ্রহ থাকলেও বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে না গণিত শেখার জন্য। অনেকে গণিতকে ভয় পায়। আমি যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলাম, তখন বুঝতে পারলাম, আসলে গণিত শেখার পদ্ধতির মধ্যে সমস্যা রয়েছে আমাদের দেশে। বিদেশের গণিতের প্রতিটি বিষয় যুক্তির মাধ্যমে ব্যাখ্যা এবং উদাহরণ প্রয়োগের মাধ্যমে শেখানো হয়। আমাদের দেশে তত্ত্ব শেখানো হয়, কিন্তু তত্ত্বের পেছনে যে যুক্তি ও ব্যাখ্যা রয়েছে, তা শেখানো হয় না। উদাহরণস্বরূপ বলতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু কীভাবে হয়, তা আমাদের শিক্ষার্থীদের শেখানো হয় না। তত্ত্বের পেছনে যে যুক্তি ও ব্যাখ্যা আছে, তা আমাদের শিক্ষাপদ্ধতিতে শেখানোর অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা তত্ত্বগুলো মুখস্থ করে, যার ফলে গণিত সঠিকভাবে শিখতে পারছে না, আনন্দও পায় না। রাজিয়া বেগমআমাদের শিক্ষার্থীদের যুক্তি দিয়ে বোঝানো হয় না। অন্যদিকে শিক্ষার্থীদের নিজস্ব যুক্তি দেওয়ার সুযোগও দেওয়া হয় না। উদাহরণ হিসেবে আমি বলছি, কিছুদিন আগে গণিত শিক্ষকদের একটি প্রশিক্ষণ ক্লাশ নিচ্ছিলাম। তাঁদের প্রশ্ন করি, আপনাদের প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শতকরা কতভাগ শিক্ষার্থী একটি পানির বোতলের তলগুলো চিহ্নিত করতে পারবে। তখন ঢাকা শহরের নামকরা স্কুলের শিক্ষক বললেন, শতকরা ৫০ ভাগ শিক্ষার্থী বোতলের তলগুলো চিহ্নিত করতে পারবে। ঢাকার বাইরের শিক্ষকদের মতামত হচ্ছে, শতকরা পাঁচ থেকে ১০ ভাগ শিক্ষার্থী বোতলের তলগুলো চিহ্নিত করতে পারবে। এসব শিক্ষার্থী কিন্তু সিলিন্ডার, কোণক ইত্যাদি এ ধরনের সমগ্রতলের সূত্র প্রয়োগ করে বড় বড় গণিত সমাধান করছে কিন্তু তা বাস্তবে ব্যবহারিক প্রয়োগ করতে পারে না।আমাদের শিক্ষার্থীরা অনেক গাণিতিক সমস্যার সমাধানে সূত্র প্রয়োগের মাধ্যমে ফলাফল ভালো করছে। কিন্তু শিক্ষার্থীরা এসব গাণিতিক সমস্যা সমাধান বাস্তবিক পরীক্ষণের উপকরণ প্রয়োগ করে হাতে-কলমে শিখতে পারছে না। ফলে তাদের মধ্যে সমস্যা থেকেই যাচ্ছে গণিতের প্রতি। এজন্য পাঠ্যপুস্তক শুধু সমস্যা সমাধানভিত্তিক না করে বাস্তবিক ব্যবহারিক পদ্ধতি চালু করতে হবে। পাশাপাশি আমাদের পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। কারণ শুধু সমস্যা সমাধান যেন পরীক্ষার লক্ষ্য না হয়। শিক্ষার্থীরা আসলে কতটুকু সঠিকভাবে তত্ত্ব ও সূত্রগুলো বুঝতে পারল, সে জন্য পরীক্ষা পদ্ধতিতে ব্যবহারিক কার্যক্রম বাড়াতে হবে। মো. আবদুস সাত্তারজাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমি (নায়েম) একটি প্রতিবেদন প্রকাশ করেছে কিছু দিন আগে। যাতে বলা হয়েছে, মাধ্যমিকপর্যায়ে কীভাবে গণিত শিক্ষার মানোন্নয়ন করা যায়। সেখানে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যুগোপযোগী এবং দেশীয় অবকাঠামো বিবেচনায় রেখে আমাদের কারিকুলাম বা শিক্ষাক্রম তৈরি করতে হবে। কারিকুলামের ওপর ভিত্তি করে সহজে বোধগম্য ও মানসম্মত পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। আমাদের শহর ও গ্রামাঞ্চলের অবকাঠামো মাথায় রেখে তার ভিত্তিতেই এ কারিকুলাম তৈরি করা দরকার। কারিকুলাম ও পাঠ্যপুস্তক যাঁরা সমন্বয় করবেন তাঁরা হবেন উপযুক্ত ও মানসম্পন্ন শিক্ষক। নতুন কারিকুলাম ও পাঠ্যপুস্তকের ওপর শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে হবে, যাতে করে শিক্ষাপদ্ধতি এমন হয় যে, শিক্ষার্থীরা গণিত শেখার প্রতি আগ্রহী হয়। আমাদের গণিতের এই তিনটি ধাপ সমন্বয়ের জন্য একটি গবেষণা সেল গঠন করতে হবে। এই গবেষণা সেলকে মাঠপর্যায়ে যেতে হবে। আমাদের শিক্ষার্থী উপযোগী কারিকুলাম ও পাঠ্যপুস্তক সঠিক হলো কিনা সে বিষয়ে কাজ করতে হবে। আরেকটি বিষয়, আমরা যত ভালোই কারিকুলাম ও পাঠ্যপুস্তক তৈরি করি না কেন, একজন শিক্ষক যদি আন্তরিক ও পরিশ্রমী না হন, তবে শিক্ষার মান কখনো বাড়বে না। ইতিহাসবিদদের মতে, অতীতে ভারত উপমহাদেশে গণিতের প্রতি অতি আগ্রহী শিক্ষার্থী পাওয়া যেত। তাই শিক্ষাপদ্ধতি উন্নয়নের মাধ্যমে গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে জাগিয়ে তুলতে হবে।এম এ হাকিম খানআমরা প্রায়ই শিক্ষার্থীদের প্রশ্নের সম্মুখীন হই, গণিত কেন শিখব। আমরা যদি স্কুলপর্যায় থেকে গণিত কী কী ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, সে বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে পারি, তবে আমার মনে হয়, গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের পরিমাণ বাড়বে। আরেকটি বিষয়, যদি জেলাপর্যায়ে কিংবা জাতীয়পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করার সুযোগ করা যায় তবে শিক্ষকেরা নিজেরা আরও আন্তরিক ও শিক্ষা প্রদানে উদ্যোগী হবেন। স্কুলপর্যায়ে আংশিক নম্বর প্রদান করার পদ্ধতি চালু করতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী কোনো গণিত সমস্যা সম্পূর্ণ করতে না পারলে তাকে শূন্য দেওয়ার রেওয়াজ রয়েছে। কিন্তু যে পর্যন্ত গণিত সমাধান করল তা সঠিক থাকলে তাকে আংশিক নম্বর দেওয়ার প্রক্রিয়া চালু করা উচিত। এটি শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলবে। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত করতে হবে। আমাদের দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষাপর্যায়ে এসে অপারেটর হয়ে যাচ্ছে। তারা প্রযুক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, ব্যক্তিগতভাবে প্রাইভেট শিক্ষা দেওয়া কীভাবে বন্ধ করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। স্বল্পসময়ে দীর্ঘ সিলেবাস শেষ করার জন্য ক্লাসে শিক্ষকেরা কম সময় পান পাঠদানের জন্য। এ জন্য ক্লাসের পাশাপাশি অতিরিক্ত টিউটোরিয়াল ক্লাস চালু করা উচিত। এসব টিউটোরিয়াল ক্লাসে যে বিষয়গুলো শিক্ষার্থীরা বুঝতে পারবে না সেগুলো বুঝতে পারবে। গণিতের ভবিষ্যৎ কর্মক্ষেত্র যদি প্রসারিত করতে পারি এবং শিক্ষার্থীদের কাছে তা তুলে ধরা যায়, তবে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করা যাবে।ব্রাদার লিও পেরেরাইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গণিত শিক্ষার মানোন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেটি কিছু দিনের মধ্যে রিপোর্ট দেবে। সে কমিটিতে আমি যুক্ত হয়ে কাজ করেছি। আমাদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম বা সিলেবাসের দিকে লক্ষ্য করলে দেখি, শ্রেণী উপযোগী যুক্তিযুক্ত পাঠ্যপুস্তক তৈরি করা সম্ভব হয়নি। বর্তমানে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক পুনঃ পর্যালোচনার কাজ চলছে। আশা করব, রিপোর্টের এসব বিষয় যেন অনুসরণ করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ে পাঠ্যপুস্তকগুলো পুনর্বিন্যাস করতে হবে। একই বিষয়ে বইয়ের বিভিন্ন নিয়মে আরও উদাহরণ থাকতে হবে। প্রায়ই দেখা যায় যে এক নিয়মে গণিত সমাধান করা হলো। কিন্তু শিক্ষক তা গ্রহণ করলেন না। তাই বইয়ে যদি একটি সমস্যার একাধিক গাণিতিক সমাধানের উদাহরণ থাকে, তবে শিক্ষার্থী নতুন নতুন পদ্ধতিতে গাণিতিক সমস্যা সমাধানে আগ্রহী হবে। আমাদের শিক্ষকদের যেসব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সেগুলো গুণগত মানসম্মত হয় না। আমাদের শিক্ষার্থীদের আরেকটি বড় সমস্যা হচ্ছে মুখস্থ প্রবণতা। পরীক্ষাপদ্ধতি যদি এমন হয়, সমস্যাগুলো মুখস্থকেন্দ্রিক না হয়ে সমস্যা সমাধানকেন্দ্রিক হয়, তবে মুখস্থ প্রবণতা কমানো সম্ভব। গণিতকে আনন্দময় করে শেখার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে গবেষণা খুব কম পরিচালিত হয়। আমাদের শিক্ষাপদ্ধতিতে যদি কোনো পরিবর্তন আনা হয়, তা নবম শ্রেণী থেকে করা হয়। কিন্তু শিক্ষাপদ্ধতিতে যেকোনো পরিবর্তন প্রথম শ্রেণী থেকে চালু করতে হবে। আমাদের স্কুল ক্যালেন্ডার এমন হওয়া উচিত, যাতে বছরের একটি নির্দিষ্ট সময় দুই-তিন মাস ছুটি থাকবে। সে সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজেরা শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে। মো. শফিকুল ইসলামআমাদের শিক্ষাপদ্ধতি ও শিক্ষক নিয়োগ-পদ্ধতিতে ত্রুটি রয়ে গেছে। ক্লাসে সময়ের স্বল্পতার কারণে সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকের বাইরে বিষদভাবে গণিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন না শিক্ষকেরা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান। তাঁদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকপর্যায়ে উচ্চতর গণিত বিষয় না থাকায় তাঁরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সঠিকভাবে গণিত শেখাতে পারবে কি না, সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। আবার গণিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে কতটুকু যোগ্যতাসম্পন্ন হতে হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। প্রাথমিক গণিত শিক্ষকদের নিয়োগে যাঁদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখায় উচ্চতর গণিত ছিল তাঁদের নিয়োগ দিতে হবে। মাধ্যমিকপর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতকে অবশ্যই গণিত ও পদার্থবিজ্ঞান এ দুটি বিষয় থাকা আবশ্যক। আরেকটি বিষয়, বর্তমানে গ্রেডিং পদ্ধতি ও গতানুগতিক পরীক্ষা প্রশ্নের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পূর্ণ পাঠ্যপুস্তক না পড়ে নির্বাচিত অধ্যায়গুলো পড়ে পাস করে যায়। তাই সমাপনী পরীক্ষায় পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যায় থেকে যাতে প্রশ্নের উত্তর দিতে হয়, এমন পরীক্ষা-পদ্ধতি চালু করা দরকার। বর্তমানে গ্রেডিং পদ্ধতির গ্রেডের নম্বর পার্থক্য কমিয়ে আনা যেতে পারে। ৫ কিংবা ২.৫ নম্বর ব্যবধানে গ্রেডিং পদ্ধতি করা উচিত। গ্রেডিং পদ্ধতির নম্বর পার্থক্য বৈষম্যের কারণে এক হাজার নম্বরের মধ্যে একই গ্রেডের দুজন শিক্ষার্থীর নম্বরের পার্থক্য প্রায় ১০০ থেকে ২০০ পর্যন্ত হয়ে থাকে। ফলে মেধাবী শিক্ষার্থীদের যথোপযুক্ত মূল্যায়ন হচ্ছে না। গাণিতিক সমস্যায় মেয়েদের নাম উদাহরণ হিসেবে ব্যবহার কম হয়। মেয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে গাণিতিক প্রশ্নে মেয়েদের নাম ব্যবহার করা যেতে পারে। মো. ইয়াছিন আলীবিজ্ঞান জানতে হলে অবশ্যই গণিত জানতে হবে। একটি কথা আছে, ‘ম্যাথমেটিকস ইজ দ্য মাদার অব অল সায়েন্স’। অর্থাৎ বিজ্ঞানের সব শাখার মূল হচ্ছে গণিত। আমাদের পড়াশোনার বিষয়গুলো অনেকটা ভবিষ্যৎ কর্মক্ষেত্রের পণ্য হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন ব্যবসায়শিক্ষা পড়তে আগ্রহী হচ্ছে। কিন্তু গণিত কিংবা পদার্থবিজ্ঞান এসব বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে অনাগ্রহী হয়ে পড়ছে শিক্ষার্থীরা। সমাজের সৃজনশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে এ সমস্যার সমাধানে। তাঁদের শিক্ষার্থীদের বোঝাতে হবে গণিত ও বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে। বিজ্ঞান ছাড়া পৃথিবীকে টিকিয়ে রাখা সম্ভব নয়। পৃথিবীর ৬০০ কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য বিজ্ঞানের ভূমিকা সবার সামনে তুলে ধরতে হবে। গণিত- ভীতিকে দূর করার জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, প্রথম আলো এবং ডাচ্-বাংলা ব্যাংক যৌথভাবে দেশে উত্সবমুখর পরিবেশে গণিত উত্সবের আয়োজন করে। যার প্রভাবে আমাদের শিক্ষার্থীরা গণিতের প্রতি আগ্রহী হয়ে উঠছে। শিক্ষার্থীরা যে শুধু কোনোমতে পাস করার জন্য গণিত শেখে, এ ধারণার পরিবর্তন করা দরকার। আমাদের শিক্ষাক্রম অবশ্যই গণিতের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে তৈরি করতে হবে। তা বাস্তবায়ন করতে হবে আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিত বিবেচনা করে। বিশ্ব মানসম্পন্ন সিলেবাস তৈরি করতে হবে। তারপর আমাদের আর্থসামাজিক অবস্থা ও অবকাঠামো বিবেচনা করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য। আরেকটি বিষয়, অদক্ষ ও দুর্বল শিক্ষকদের আমাদের সামাজিক অবস্থা বিবেচনায় বাদ দিতে পারব না। সুতরাং তাঁদের কীভাবে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও উপযুক্ত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমাদের গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মানের মধ্যে যে বিরাট বৈষম্য রয়েছে, তা দূর করতে হবে। আমরা সমাজে যে সমতার কথা বলি তার জন্য শিক্ষায় সমতা আনা প্রথম লক্ষ্য হওয়া উচিত। মাহবুব মজুমদারশুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভীতি কাজ করে। বিশ্বের অন্যান্য দেশ শিক্ষার্থীদের গণিতের ভীতি দূর করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের দেশে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে আগ্রহী হয় কিন্তু তারা জানে না বিজ্ঞানের মূল হচ্ছে গণিত। আমাদের গণিত অলিম্পিয়াডে বাছাই করা সেরা শিক্ষার্থীদের মধ্যেও গণিতের ভুল শিক্ষা দেখা যায়। এর মূল কারণ আমাদের গণিত শিক্ষাপদ্ধতির মধ্যে ত্রুটি রয়ে গেছে। শিক্ষার্থীরা গণিত সঠিকভাবে শিখতে পারে না শিক্ষকদের শিক্ষাপদ্ধতির ভুলের কারণে। মেধাবী অনেক শিক্ষার্থীর মধ্যে গণিতের প্রতি ভীতি দেখা যায়। এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের তুলনা করলে দেখা যায়, তারা গণিতের প্রতি বেশি আগ্রহী ও মেধাবী। শুধু আমাদের শিক্ষাপদ্ধতির ত্রুটির কারণে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা ও আত্ম উদ্ভাবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশে গবেষণার তেমন কোনো সুযোগ পাচ্ছে না শিক্ষার্থীরা। তারা শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ থাকছে। শিক্ষার্থীদের গণিতে আগ্রহী করার জন্য তত্ত্বগত সূত্রের মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ না রেখে তাদের গবেষণাভিত্তিক পড়াশোনা চালু করতে হবে। বিদেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলপর্যায়ে গণিত অনেক বেশি বাস্তবিক ব্যবহারিক উদাহরণের মাধ্যমে শেখানো হয়। মোহাম্মদ কায়কোবাদআমাদের শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করতে আনন্দময় ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রয়োজন। পরীক্ষাপদ্ধতি প্রয়োজন শিক্ষার্থীদের পরীক্ষা-ভীতি দূর করার জন্য। পাশাপাশি শিক্ষার্থীদের উত্সাহিত করতে উদ্দীপনাময়ী কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা দরকার। শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ করা প্রয়োজন, সে পরিমাণ আর্থসামাজিক অবস্থা আমাদের নেই। কোরিয়ায় বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য জনপ্রতি ১৭৫ ডলার ব্যয় করা হয়, মালয়েশিয়ায় ১৫৫ ডলার, ভারতে ১৪ ডলার, পাকিস্তানে ১০ ডলার এবং বাংলাদেশে পাঁচ ডলার ব্যয় করা হয়। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা জনসংখ্যা। আমাদের দেশকে উন্নত দেশে রূপান্তরের জন্য জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। আধুনিক বিজ্ঞানের বিশ্বে আমাদের দেশের বিজ্ঞানীরা তেমন কোনো অবদান রাখতে পারছেন না। তবে কিছু দিন আগে আমাদের দেশের বিজ্ঞানী পাটের জিনোম আবিষ্কার করেছেন। বর্তমানে বিএসসি লেভেলে গণিত ছাড়াই পাস করা সম্ভব। আমাদের স্কুল ও কলেজে দেখা যায়, শিক্ষার গুরুত্ব অবহেলিত হচ্ছে। তাই কলেজ ও স্কুলপর্যায়ে ম্যানেজিং কমিটিতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক শিক্ষা চালু করে পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহী করতে হবে। গত বছর বুলগেরিয়ায় মো. আবিরুল ইসলাম প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিলভার মেডেল পান। তিনি ভারত উপমহাদেশের আটজন প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছিলেন। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছি। কিন্তু আমরা তাঁর সম্পর্কে গণমাধ্যমে সবার কাছে তুলে ধরতে পারিনি। আমাদের এসব সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সামনে তুলে ধরে অন্যদের আগ্রহী করে গড়ে তুলতে হবে বিজ্ঞানকে জানার জন্য। মুহম্মদ জাফর ইকবালআমাদের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে দুর্বল দিক হচ্ছে অদক্ষ শিক্ষক। উদাহরণ হিসেবে বলতে পারি, আমার বোনের মেয়ের স্কুলে শিক্ষক তাঁর ক্লাসের শিক্ষার্থীদের প্রত্যেককে সৃজনশীল প্রশ্ন তৈরি করে নিয়ে আসতে বলেছিলেন। কারণ তিনি নিজে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারেন না। কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেই কাজটি করতে পারে। গণিত যে সহজ ও আনন্দময়, গণিত ভয় পাওয়ার কোনো বিষয় নয়—এই আত্মবিশ্বাস যদি শিক্ষার্থীদের মধ্যে প্রচার করা যায়, তবেই কেবল স্কুলপর্যায়ে গণিতে মানোন্নয়ন সম্ভব। আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটি মানসম্পন্ন পাঠ্যপুস্তক। দ্বিতীয় হচ্ছে ভালো পরীক্ষাপদ্ধতি। কারণ সবাই কিন্তু পরীক্ষায় ভালো করার চেষ্টা করে। প্রাইভেট ও কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে। আমরা যদি শিক্ষার্থীকে একটি ভালো পাঠ্যপুস্তক দিতে পারি এবং তাদের বলি যে নিজেরা বুঝে বুঝে বই পড়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব। শিক্ষকেরা শিক্ষার্থীদের উত্সাহ দিতে পারেন, যাতে পাঠ্যপুস্তক পড়ার প্রতি তারা আগ্রহী হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, গণিত শেখানোর মতো ভালো শিক্ষকের অভাব রয়েছে। গণিতের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা শিক্ষার্থীদের উত্সাহ দিতে পারেন গণিত শেখার জন্য।মুনির হাসানবর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রীর নির্দেশে গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীর কীভাবে মানোন্নয়ন করা যায় তার জন্য দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছিল। কিছুদিনের মধ্যেই গণিতের কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। সেই কমিটির রিপোর্টে আমাদের গণিত শিক্ষাপদ্ধতির বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য কিছু সমাধান তুলে ধরা হয়েছে। আমাদের দেশে কিন্তু পড়াশোনা নিয়ে কোনো গবেষণা পরিচালনা করা হয় না। আমাদের দেশের শিক্ষার্থীরা গণিতে কেন ভালো ফল করতে পারছে না, কোথায় তাদের সমস্যা, পাঠ্যপুস্তকের কী সমস্যা- ইত্যাদি বিষয়ে নিয়মিত গবেষণা করা অত্যন্ত জরুরি। গণিত অলিম্পিয়াড করতে গিয়ে আমরা দেখেছি পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের জন্য বিশেষ চ্যালেঞ্জ থাকে না। আমাদের পাঠ্যপুস্তকে আরও অনুশীলনমূলক গাণিতিক সমস্যা ও উদাহরণ থাকা উচিত। এ ছাড়া যেসব শিক্ষার্থী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয় তারা যেন সরকারি যেকোনো বিশ্ববিদ্যালয়ে তাদের পছন্দ অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পায়, তার উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি।নুরুল ইসলাম নাহিদবাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের নতুন প্রজন্মের গণিতবিদেরা বিশ্বে নিজের অবস্থান করে নিচ্ছে। তাদের নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতিবছর লক্ষ করি, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা গণিত ও ইংরেজি দুটি বিষয়ে বেশি অকৃতকার্য হয়ে থাকে। এতে আমাদের মোট ফেলের পরিমাণ বেশি হয়। এসব কারণে এক বছর ধরে আমরা চেষ্টা চালাচ্ছি, যেসব অঞ্চলে স্কুলগুলোতে বেশি ফেল করে গণিত ও ইংরেজিতে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আঞ্চলিক পর্যায়ে আরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য। পাশাপাশি সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসের বাইরে সপ্তাহে দু-তিনটি অতিরিক্ত টিউটরিয়াল ক্লাস গণিত ও ইংরেজির করার জন্য উদ্বুদ্ধ করেছি। ফলে এ বছর এসব স্কুল খুব ভালো ফলাফল করেছে। আরেকটি বিষয়, শুধু পাস করার জন্যই নয়, গণিতের প্রতি শিক্ষার্থীদের যাতে আগ্রহী করে গড়ে তোলা যায়, সে বিষয়ে আমাদের উদ্যোগী হতে হবে। আমরা খুবই উদ্বিগ্ন, বিজ্ঞান শাখায় শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। শিক্ষার্থীরা বেশির ভাগই ব্যবসায়শিক্ষায় আগ্রহী হচ্ছে। কারণ সহজে চাকরির বাজারে চাকরি পাওয়া যায়। বিজ্ঞানে পড়ার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিজ্ঞানের গুরুত্ব ও বিভিন্ন কর্মক্ষেত্র তুলে ধরতে হবে। বিজ্ঞানের প্রসারের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিজ্ঞান শিক্ষা সপ্তাহ চালু করা হবে। সেমিনার ও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার পদক্ষেপ গ্রহণ করা হবে অতি দ্রুত। আমরা সবগুলো বিষয়ই শুধু পরীক্ষায় পাসের জন্য শিখে থাকি। কিন্তু আমাদের নতুন শিক্ষানীতিকে এমন করতে চাই শুধু পাস করার জন্য নয়, প্রকৃত অর্থে বিষয়গুলো শিক্ষার্থীরা যাতে শেখার ও বোঝার জন্য শিখতে পারে। সৃজনশীল প্রশ্নে অনেকেই বিরোধিতা করেছিলেন। কিন্তু এই পদ্ধতিতে শিক্ষার্থীরা গতানুগতিক পরীক্ষার প্রশ্নের বাইরে এসে নিজেদের মেধাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে। আমাদের অনেক ভালো শিক্ষক রয়েছেন, যাঁরা ক্লাসে শিক্ষার্থী পড়ান না। তাঁরা ব্যক্তিগতভাবে প্রাইভেট শিক্ষার্থীদের পড়ানোর প্রতি আগ্রহী হয়ে পড়েন। আমাদের ভালো শিক্ষকেরা পরীক্ষার প্রশ্ন করেন না কিংবা পরীক্ষার খাতা দেখতে চান না। তাঁরা প্রাইভেট পড়ানোর মাধ্যমে অধিক অর্থ আয়ের প্রতি উত্সাহী। শ্রেণীকক্ষে পাঠদানের একটি ভালো পরিবেশ সৃষ্টি করা কিংবা শিক্ষার্থীদের শেখানো থেকে অনেক ভালো শিক্ষক সরে দাঁড়াচ্ছেন। আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি প্রশিক্ষণের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছেন শিক্ষকেরা। শিক্ষকেরা যদি আন্তরিক ও পরিশ্রমী হন, তবেই কেবল আমাদের শিক্ষাপদ্ধতির পরিবর্তন করা সম্ভব।আন্তর্জাতিক সংস্থা এডুকেশন ফর অলের (সবার জন্য শিক্ষা) হিসাব মতে, আমাদের মতো উন্নয়নশীল দেশের জিডিপির ৮ শতাংশ ব্যয় করা উচিত শিক্ষা খাতে। সেই খাতে আমরা মাত্র ২ দশমিক ২৪ শতাংশ ব্যয় করে থাকি। আমাদের যুগোপযোগী পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক তৈরি করা দরকার। আমাদের দেশে ৯ শতাংশ শিশু স্কুলেই যায় না। মূল কারণ সুযোগ-সুবিধার অভাব ও দারিদ্র্য। আর যারা প্রাথমিক স্তরে ভর্তি হয়, তাদের ৪৮ শতাংশই পঞ্চম শ্রেণীর আগে ঝরে যায়। আমাদের মাধ্যমিকপর্যায়ে ৪২ শতাংশ শিক্ষার্থী ঝরে যায়। এসব শিক্ষার্থী যাতে ঝরে না যায়, তাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সনদ দিয়ে শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহী করে গড়ে তোলা যায়। পরীক্ষা ও ক্লাসরুমের ভীতি দূর করতে হবে। আমাদের পাঠ্যক্রম, বই ও শিক্ষকদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে আমাদের শিক্ষাপদ্ধতি আনন্দময় হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। শিক্ষকদের আধুনিক পাঠদানে প্রশিক্ষণের পদ্ধতি উন্নত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে গণিতকে আগ্রহী করে তোলার জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গণিত উত্সব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।আব্দুল কাইয়ুমআজকের আলোচনায় গণিত ও বিজ্ঞানশিক্ষা গুরুত্ব পেয়েছে। মানসম্পন্ন শিক্ষা, আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে জাগ্রত মানুষ গড়ে তুলতে হবে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য। ক্লাসরুম ও শিক্ষাপদ্ধতিতে আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে হবে। গণিত অলিম্পিয়াডের মতো আয়োজনে সবাইকে যুক্ত করতে হবে। গণিতের প্রতি ভীতি দূর করে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলাই হোক সবার লক্ষ্য। আলোচনায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ।