স্কুল-পালানোদের অভয়ারণ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারীর বলধা গার্ডেন প্রেমিক-প্রেমিকা, আড্ডাবাজ, বেকার ও স্কুল-পালানোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্কুল চলাকালে বলধায় ছাত্রদের আগমন বন্ধ করতে উদ্যোগী হয়েছিল স্থানীয় পুলিশ। সপ্তাহ না ঘুরতেই উদ্যোগটি থমকে গেছে। বলধা গার্ডেন ঘুরে এসে সেই পরিবেশের কথা জানিয়েছেন মিল্লাত হোসেনঘটনাটা গত রোববারের। ঘড়িতে বেলা ১১টার মতো বাজে। বলধা গার্ডেনের সিবিলি অংশের পুকুরপাড়ে বসে ছিল স্কুলের পোশাক পরা একদল কিশোর। হাতে-কাঁধে স্কুলব্যাগ। স্কুলের পোশাক ও ব্যাগ থাকা ছেলেমেয়েদের থানায় ধরে নিয়ে যেতে পারে পুলিশ, এমন কথা তাদের বলতেই কিশোরেরা পড়িমরি করে বেরিয়ে যায় উদ্যান থেকে। তবে সিবিলির প্রধান ফটকের পাশের টিকিট-চেকার ছেলেটি অভয় দিয়ে জানায়, এখন সবাই উদ্যানে আসতে পারছে। শুধু ১৭ ও ১৮ জুলাই দুই দিন স্কুলের পোশাক পরা ছেলেমেয়েদের পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল। এরপর সব ঠিক হয়ে গেছে!বলধায় যে শুধু স্কুল-পালানো কিশোরেরা আসে তা নয়, সেখানে স্কুলের পোশাক পরা কিশোরীদেরও দেখা মেলে। বলধার যুগলেরা অন্যান্য উদ্যানে বিচরণকারী যুগলদের চেয়ে মনে হয় একটু সাহসী। কিন্তু ছোট্ট পরিসরের এই উদ্যানে অন্যদের চোখে পড়তে বাধ্য যুগলদের ঘনিষ্ঠতা। এ দৃশ্য দেখে পরিবার-পরিজন নিয়ে বলধায় ঘুরতে আসা দর্শনার্থীদের পড়তে হয় বিব্রতকর অবস্থায়। সে কথাই জানালেন গাজীপুরের শফিকুল ইসলাম, ‘ফুল, গাছপালা চেনাতে বাচ্চাদের নিয়ে বলধা গার্ডেনে এসেছি। কিন্তু এখানে এসে দেখি অন্য দৃশ্য। বলধা গার্ডেনে এখন আর আসার পরিবেশ নেই।’এ ধরনের অভিযোগের কারণেই বলধায় মাঝে মাঝে হানা দেয় সূত্রাপুর থানার পুলিশ। ১৭ ও ১৮ জুলাই সকালের দিকে বলধা গার্ডেন থেকে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীদের ধরে থানায় নেওয়া হয়। তারপর তাদের অভিভাবকদের ডেকে মুচলেকার পর ছাড়া হয় তাদের। তবে বলধা গার্ডেনে অসামাজিক কার্যকলাপ বন্ধ করা হবে কি না, তা নিয়ে উভয় সংকটে পড়েছে সূত্রাপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘বলধা গার্ডেনের অসামাজিক কার্যকলাপ সম্পর্কে আমাদের কাছে অনেক অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিলে কেউ কেউ আবার প্রেমিক-প্রেমিকাদের পক্ষে দাঁড়িয়ে যায়। তাদের দাবি, ছেলেমেয়েদের বিনোদনেরও দরকার আছে।’থানা হানা দিলে টিকিটের ইজারাদারও নাখোশ হন বলে জানান নজরুল ইসলাম। উদ্যানে পুলিশ এলে ভয়ে নাকি দর্শনার্থীরা আসতে চায় না। তখন টিকিট বিক্রি কমে যায়। এ জন্য স্কুল-পালানোদের উদ্যানে আসা বন্ধের অভিযান শিথিল করা হয়েছে। তবে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা ঠিক থাকলে, এই সপ্তাহেই আবার তাদের ধরতে বলধা গার্ডেনে হানা দেবে থানা।এদিকে পুলিশ ছাড়াও একাধিক সূত্র জানায়, বলধা গার্ডেনে টিকিট বিক্রি বাড়িয়ে অর্থ আয়ের দিকেই বেশি নজর দিচ্ছে ইজারাদার। ইজারাদারের কর্মীদের শিথিলতার সুযোগ নিয়ে বলধা গার্ডেনের শৌচাগারও দখল করে থাকে যুগলেরা। এখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে অনেক প্রকৃতিপ্রেমী পড়েছেন বিব্রতকর অবস্থায়। এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেন বলধা গার্ডেনের টিকিটের ইজারাদার সিরাজুর রহমান। তাঁর ভাষ্য, ‘সেভেন-এইটে পড়া যুগল এলে আমরা গার্ডেনে ঢুকতে দিই না। তবে দলবেঁধে স্কুলের ছেলেমেয়েরা এলে ঢুকতে দিই। আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। কারণ ব্যবসা এক জিনিস, খারাপ কাজ আরেক জিনিস।’