স্কুল বন্ধ রেখে বৌভাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌভাত অনুষ্ঠানের জন্য বরগুনা শহরের একটি বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়েছে। স্কুলের মাঠে আয়োজন করা হয়েছে বৌভাত অনুষ্ঠানের।আজ শনিবার শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দেখা যায়, স্কুলের শ্রেণীকক্ষগুলো ফাঁকা। অফিস কক্ষে কোনো শিক্ষকও নেই। মাঠে সামিয়ানা টাঙিয়ে সেখানে বসার জন্য চেয়ার সাজানো। মাঠের দক্ষিণ পাশে চলছে রান্নার কাজ। স্কুলের কর্মচারী (প্রধান সহকারী) হুমায়ুন কবির বলেন, এখানে বৌভাতের আয়োজন করা হয়েছে। তাই আজ স্কুল আগে ভাগেই ছুটি দেওয়া হয়েছে। তিনি জানান, স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ী সৃষ্টিচরণ কর্মকারের ছেলে পরিমল কর্মকারের বৌভাত অনুষ্ঠানের জন্য এসব সাজানো হয়েছে। তাঁরা সভাপতি বরাবরে দরখাস্ত করে অনুমতি নিয়েছেন।স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী নাম গোপন রাখার শর্তে জানায়, স্কুলমাঠে প্রায় মাসেই দুই-তিনটি করে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এসব অনুষ্ঠানের সময় পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া অনুষ্ঠানের পর মাঠ ও শ্রেণীকক্ষগুলো পরিষ্কার না করায় খাবারের উচ্ছিষ্ট পচে দুর্গন্ধ ছড়ায়। এতে শিক্ষার্থীদের অস্বস্তিতে পড়তে হয়।বরগুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্কুল বন্ধ ছিল না। আমরা সকালের শিফটে ক্লাস নিয়ে ১১টার দিকে ছুটি দিয়েছি। আমি নিজেও এর বিরোধিতা করি। কিন্তু আমরা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।’প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বিদ্যালয় মাঠ চেয়ে একজন পৌর কাউন্সিলর অনুরোধ করেছেন। তাঁর অনুরোধে কমিটির সভাপতি মাঠ ব্যবহার করার জন্য আমাকে সুপারিশ করেছেন। সে কারণে আমি অনুমতি দিতে বাধ্য হয়েছি। বিষয়টি নিয়ে আমি ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে স্কুলে আর কখনো বাইরের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না।’ তিনি আরও বলেন, ‘যাঁরা বৌভাতের আয়োজন করেছেন, তাঁদের স্কুলটির প্রতিষ্ঠার ব্যাপারে অবদান রয়েছে। তাই হয়তো সভাপতি অনুষ্ঠানের জন্য সুপারিশ করেছেন।’এক শিক্ষার্থীর অভিভাবক অমল চন্দ্র সমাদ্দার বলেন, ‘বারবার বিদ্যালয় বন্ধ রেখে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় আমরা ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে যাতে আর এ ধরনের অনুষ্ঠান না করা হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করেছি।’ তিনি ও অন্যান্য অভিভাবক জানান, বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানের জন্য বিদ্যালয়টি প্রায়ই বন্ধ ঘোষণা করা হয়।এদিকে বৌভাতের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহার প্রসঙ্গে বর পরিমল কর্মকার বলেন, ‘বরগুনায় বিয়ের অনুষ্ঠানের জন্য যেসব কমিউনিটি সেন্টার আছে, সেগুলো ভাড়া করার সামর্থ্য নেই। তাই সাধ্যানুযায়ী আয়োজন করতে স্কুলমাঠ ব্যবহারের অনুমতি নিয়েছি।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বরগুনা পৌরসভার মেয়র সাহাদাত হোসেন বলেন, ‘বরের বাবা সৃষ্টিচরণ কর্মকার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি তাঁর ছেলের বৌভাতের আয়োজন করার জন্য আমার কাছে অনুরোধ করেছেন। তাই সুপারিশ করেছি। তবে স্কুল বন্ধ রাখা হয়নি। সকালের শিফটে ক্লাস নিয়ে ১১টায় ছুটি দেওয়া হয়েছে।’