স্কুল শেষে বাড়ি ফেরা হলো না হামিমের
প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল হামিম শেখ। কিন্তু স্কুল ছুটির পর আর বাড়ি ফেরা হলো তার। ঘাতক বাসের চাপায় মারা গেছে সে। গুরুতর আহত হয়েছেন তার মা। রাজধানীর কাকরাইলে আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।হামিম উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রভাতী শাখার বাংলা মিডিয়ামের কেজি ক্লাসের শিক্ষার্থী। স্কুলের প্রিন্সিপাল লে. কর্নেল মইনুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আজকের সব ক্লাস বাতিল ও কাল বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে।আহত মা সোনিয়া শেখকে প্রথমে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্কুল ছুটির পর হামিম মায়ের সঙ্গে বাড়ি উদ্দেশে রওনা হয়। তারা স্কুলের বিপরীত দিকে গাড়ির টিকিট কাউন্টারে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে মধুমতি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হামিম মারা যায়। বাসটি কাকরাইল মোড় থেকে কাকরাইল মসজিদের দিকে যাচ্ছিল। এ দুর্ঘটনার পরপরই স্কুলের ছাত্ররা বের হয়ে রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে স্কুল কর্তৃপক্ষ মাইকিং করে ছাত্রদের স্কুলের ভেতরে নিয়ে এসে পরিস্থিতি শান্ত করে।হামিম পুরান ঢাকার লুত্ফুর রহমান লেনের বাসিন্দা।