স্কুলছাত্র ইরফান খুনের ঘটনায় দুই বন্ধু গ্রেপ্তার
কুষ্টিয়ায় স্কুলছাত্র ইরফান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার ঘনিষ্ঠ দুই বন্ধু আশরাফুল ইসলাম অপু (১৬) ও প্রিন্সকে (১৬) গ্রেপ্তার করেছে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক দু’জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।আজিজুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল শুক্রবার রাত দুইটার দিকে কুষ্টিয়ার কুমারখালীর মোশাররফ হোসেন সেতু থেকে আশরাফুলকে এবং আজ ভোরে সিলেটের বিয়ানীবাজারে বোনের বাসা থেকে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আশরাফুল এখন কুষ্টিয়া জেলা পুলিশের হেফাজতে আছে। আর প্রিন্সকে বিয়ানীবাজার থেকে আনতে গেছে কুষ্টিয়া পুলিশ।এসআই আজিজুল হক আরও বলেন, ইরফানকে হত্যার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে আশরাফুল। সে জানায়, খুনের পরপরই প্রিন্স কুষ্টিয়া থেকে বাসে করে সিলেটে পালিয়ে যায়। আর সে নিজেও জেলার বাইরে চলে যায়। ইরফানের মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। তার মায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় উপেন্দ্রনাথ চক্রবর্তী লেনে নিজ শোয়ার ঘরে ইরফান আহমেদ সানিম (১৫) খুন হয়। সে কুষ্টিয়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।