নারায়ণগঞ্জের পাগলার বউবাজার এলাকায় গতকাল মঙ্গলবার রাতে র্যাবের মাদকবিরোধী অভিযানকালে গুলিতে স্কুলছাত্র নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, নিহত স্কুল ছাত্র শুভর মা রহিমা বেগম বাদী হয়ে গতকাল গভীর রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী মনির হোসেন, সোহেল, আরিফ, গুলুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মনির ও তাঁর সহযোগীরা কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে শুভকে গুলি করে।রাতেই র্যাব-১০-এর সার্জেন্ট সাইফুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলছাত্র নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছে। র্যাব মাদকবিরোধী অভিযান চালাতে গেলে আলী হোসেন গ্রুপের ১০-১২ জন সন্ত্রাসী র্যাবের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব একটি ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে র্যাব দুটি ছোরাসহ দুজনকে গ্রেপ্তার করে।পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নিহত শুভর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে নিহতের ছোট ভাই সোহাগ। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে চিকিত্সা শেষে গুলিবিদ্ধ বাদলকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে নয়টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় র্যাব-১০-এর একটি দলের মাদকবিরোধী অভিযানকালে গুলিতে স্কুলছাত্র শুভ (১৪) নিহত হয়েছে। সে পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গুলিবিদ্ধ হয়েছে নিহত শুভর ছোট ভাই পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সোহাগ (৯) এবং পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বাদল (১৪)।