স্কুলছাত্র মিশেল হত্যার দায়ে তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় বছর পর রাজধানীর দনিয়ার স্কুলছাত্র তানজিরুল ইসলাম মিশেলকে (১০) অপহরণের পর মুক্তিপণের দাবিতে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি শ্যামপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে পাঁচ বছর এবং স্থানীয় অধিবাসী শাহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ কে এম মোস্তফা দেওয়ান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শোয়েব ওরফে সোহেল, মো. হানিফ ও মমতাজ ওরফে মনতাজ মাল। তাঁদের মধ্যে সোহেল ও হানিফ পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত শ্যামপুর থানার সাবেক ওসি জাহাঙ্গীর আলম নাটোরের একটি আদালতে উপপরিদর্শক হিসেবে কর্মরত। জাহাঙ্গীর ও শাহীন জামিনে ছিলেন।২০০৩ সালের ৫ জুলাই মিশেলকে অপহরণ করা হয়। নিহত মিশেলের বাবা সাইফুল ইসলাম প্রথমে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।অপহরণকারীরা টেলিফোনে মিশেলের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আসামিদের এই টাকা না দেওয়ায় তাঁরা মিশেলকে হত্যা করেন। অপহরণের ১৪ দিন পর রসুলবাগ জিয়া সরণির একটি ডোবায় কচুরিপানার মধ্যে মিশেলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় মিশেলের বাবা শ্যামপুর থানায় মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনার তদন্ত করে ওসি জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, আসামি শোয়েব মিশেলকে গলাটিপে এবং চাকু দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাঁকে সাহায্য করেন অপর দুই আসামি হানিফ এবং মনতাজ মাল। ২০০৪ সালের ১৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সূত্র জানায়, আসামি ওসি জাহাঙ্গীর মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাঁর বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে আদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের তথ্য গোপন করে ট্রাইব্যুনালে অব্যাহতির আবেদন করলে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে মামলার নথি ডেকে পাঠায় এবং ওসির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। ২০০৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।