স্কুলছাত্রী পূর্ণিমা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
মাগুরার শ্রীপুর উপজেলার স্কুলছাত্রী পূর্ণিমা সমাদ্দার হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সিকান্দার আলী গতকাল সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন: শ্রীপুর উপজেলার চর চৌগাছি গ্রামের জিল্লুর রহমান (২৫) ও তাঁর চাচাতো ভাই ইউসুফ জোয়ার্দার (২৬) এবং ঘসিয়াল গ্রামের আক্কাস শেখ (২৪)। তাঁরা পেশায় বালুশ্রমিক। উপজেলার শ্রীপুর চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা (১৪) গত বছরের ৪ আগস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে আসামিরা তাকে পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁরা গলায় ওড়না পেঁচিয়ে পূর্ণিমাকে হত্যা করেন। এ ঘটনায় ওই দিন রাতে পূর্ণিমার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিন ওই তিন যুবককে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ। জিল্লুর ও ইউসুফ পূর্ণিমাকে ধর্ষণের চেষ্টা ও হত্যা করার কথা স্বীকার করে গত বছরের ৬ আগস্ট আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে গত বছরের ২৭ সেপ্টেম্বর পুলিশ ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটি খুলনা দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। শুনানি শেষে গতকাল দুপুরে বিচারক ওই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া পূর্ণিমাকে অপহরণের দায়ে ওই আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেন। ধর্ষণের চেষ্টার দায়ে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করে পূর্ণিমার বাবা মনোজিৎ সমাদ্দার ও মা অঞ্জলী সমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।’ আসামিদের মৃত্যুদণ্ডের খবরে পূর্ণিমার স্কুলশিক্ষক ও সহপাঠীরাও সন্তোষ প্রকাশ করেছে।