স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ, পুলিশের অস্ত্র ছিনতাই
রাজধানীর নিকুঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের চার সদস্যসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পিস্তল ছিনতাই হয়। রাত একটা পর্যন্ত ওই অস্ত্র উদ্ধার করা যায়নি। পুলিশ তাৎক্ষণিকভাবে ২০ জনকে আটক করে। আহত ব্যক্তিরা হলেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই বিন-ই-আলম, এসআই হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন ও এমদাদ এবং স্থানীয় জালালউদ্দিন হাবিব ও ওই স্কুলছাত্রীর মামা। তাঁদের মধ্যে পাঁচজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে স্থানীয় একাব্বর গ্রুপের সন্ত্রাসীরা এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের সঙ্গে ছাত্রীর স্বজনসহ এলাকাবাসীর সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ থামাতে গেলে একাব্বর গ্রুপের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে।উত্ত্যক্তের শিকার ছাত্রীটি জানায়, সে গতকাল মোবাইল ফোনের কার্ড কিনতে গেলে একাব্বর গ্রুপের রাজনসহ কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করে। সে বিষয়টি তার মাকে জানায়। পরে তাঁর মা ও মামা ঘটনাস্থলে যান। মামা সেখানে রাজনকে চড় মারেন। এতে সন্ত্রাসীরা মামাকে মারধর শুরু করে। ইতিমধ্যে ছাত্রীর স্বজনেরা পুলিশকে খবর দেয়।স্কুলছাত্রীর মামা জানান, ১৮ নম্বর সড়কে ওই ঘটনার পর সন্ত্রাসীরা চলে গেলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় এলাকাবাসী পুলিশকে জানায়, সন্ত্রাসীরা ১৯ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে জড়ো হয়েছে। পুলিশসহ এলাকাবাসী সেখানে গেলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এতে দুই পক্ষের সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি শান্ত হয়ে এলে এলাকাবাসী চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে।আহত এসআই হাবিবুল ইসলাম জানান, ঘটনা যখন প্রায় শান্ত হয়ে আসে, তখন একাব্বর গ্রুপের লোকজন পুলিশের ওপর হামলা করে। পুলিশ রাজনকে ধরে ফেললে সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। সন্ত্রাসীদের কেউ একজন তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি অর্ধচেতন হয়ে পড়েন। এ সময় কেউ তাঁর পিস্তলটি ছিনিয়ে নেয়।