স্কুলছাত্রীকে দোররা মারার ঘটনায় গ্রেপ্তার ৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁও গ্রামে এক স্কুলছাত্রীকে দোররা মারার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশের দায়ের করা মামলায় ১৫ জন আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করার সময় প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধিসহ চারজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একই দিন অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে আসামিদের গ্রেপ্তার করা হয় বলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তি হলেন: স্থানীয় দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক, আবদুস সাত্তার, গ্রাম্য মাতবর বাবুল হোসেন, বাচ্চু মিয়া, আবদুল কাদের ও আবদুল হাকিম। এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন শফিকুল ইসলাম।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামিদের আজ শনিবার মানিকগঞ্জের বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।’ স্থানীয় সূত্র জানায়, মাস দুয়েক আগে নওগাঁও গ্রামের ধীনেশ চন্দ্র নামের এক যুবককে এক স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় গত বুধবার স্থানীয় আজু মাতব্বরের বাড়িতে সালিস বসে। সালিসে ওই স্কুলছাত্রীকে ১০১টি দোররা মারা হয়। এ ছাড়া ওই মেয়ের পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক, গ্রাম্য মাতবর বাবুল হোসেন, আবদুস সাত্তার, বাচ্চু মিয়া ও তুলু হোসেন এই শাস্তি ও জরিমানা করেন। বিষয়টি জানার পর বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ‘প্রথম আলো’র মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান, ‘ইনকিলাব’ এর সাটুরিয়া উপজেলা প্রতিনিধি সোহেল রানা ও ‘ভোরের ডাক’ এর উপজেলা প্রতিনিধি মোতালেব হোসেন সংবাদ সংগ্রহের জন্য ওই ছাত্রীর বাড়িতে যান। তাঁরা ওই ছাত্রীর চাচার সঙ্গে কথা বলার একপর্যায়ে ইউপি সদস্য আবদুর রাজ্জাকের ছেলে মো. শিপলু, মৃত রমজান আলীর ছেলে শফিকুল ইসলাম, শিপলুর বন্ধু সোহরাব হোসেনসহ ২৫-৩০ জন যুবক সেখানে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা সাংবাদিক আব্দুল মোমিন ও মঞ্জুর রহমানকে কিলঘুষি মারতে থাকেন। তখন অন্য সাংবাদিকেরা এতে বাধা দিলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়। সাংবাদিক মোতালেব হোসেনের কাছ থেকে একটি ক্যামেরা ছিনিয়ে নেন হামলাকারীরা। এরপর তাঁরা সাংবাদিকদের সোহরাবের বাড়িতে নিয়ে আটকে রাখেন। ঘণ্টা খানেক আটকে রাখার পর সংবাদ না করার শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়।ঘটনাটি মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে জানানো হলে সন্ধ্যায় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।এ ঘটনায় বৃহস্পতিবার ‘প্রথম আলো’র মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপরদিকে স্কুলছাত্রীকে দোররা মারার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশ বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে।