মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতের প্রায় ২০০ ফুট উঁচু চূড়া থেকে পড়ে বাপ্পী (১১) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রের গতকাল মৃত্যু হয়েছে। এক দিন পর আজ রোববার সকালে মাধবকুণ্ডের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ, ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার প্রায় ৬০ জনের একটি দল মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে আসে। দলের অনেকেই স্থানীয় লোকজনের বাধা না শুনে মাধবকুণ্ড জলপ্রপাতের প্রায় ২০০ ফুট উঁচুতে উঠে পড়ে। বাপ্পী ও তার ভগ্নিপতি ফিরোজ মিয়া একপর্যায়ে মাধবকুণ্ড জলপ্রপাতের চূড়া থেকে পা ফসকে নিচে পানিতে পড়ে যায়। ফিরোজ মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু বাপ্পীর কোনো খোঁজ পাওয়া যায়নি।স্থানীয় ডুবুরিরা অনেকক্ষণ চেষ্টা করেও নিখোঁজ বাপ্পীর সন্ধান পাননি। পরে ঢাকা থেকে ফায়ার ব্রিগেডের চার সদস্যের একটি ডুবুরি দল এসে আজ সকাল সাড়ে সাতটায় মাধবকুণ্ড থেকে নিখোঁজ বাপ্পীর লাশ উদ্ধার করে। আজ সকালেই বাপ্পীর মা-বাবাসহ আত্মীয়স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা তাত্ক্ষণিকভাবে লাশ উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু আমাদের ডুবুরি দলের প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সম্ভব হয়নি। লাশটি পানির নিচে পাথরে আটকে ছিল।’বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, বাপ্পী গাজীপুরের শ্রীপুরের ধুমবাড়িশালার মুক্তার পাটোয়ারীর ছেলে। ধুমবাড়িশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। বাপ্পী তার ভগ্নিপতি ফিরোজ মিয়াসহ পাড়া-প্রতিবেশীদের সঙ্গে মাধবকুণ্ডে বেড়াতে এসেছিল।