স্কুলজীবনে চুটিয়ে ক্রিকেট খেলেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অলরাউন্ডার। এটি লিখেছেন সুজন নাসির, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এখানে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। কথা হলো তাঁর সঙ্গে।‘অলরাউন্ডার’ নাটকের গল্প তো ক্রিকেট খেলা নিয়ে। আপনি সেখানে অভিনয় করছেন। আপনার নিজের ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা আছে?আছে মানে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলেছি। ২৫টি ম্যাচ। নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলা। ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই টুর্নামেন্টে খেলেছি। আমি ছিলাম ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের ছাত্র। ঢাকা বিভাগে তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি ছিলাম অলরাউন্ডার। ওপেনিং বোলার ছিলাম, আর ব্যাটিং করতাম ৬ নম্বরে। পরে অবশ্য আজিমপুর বয়েজ ক্লাবের হয়ে অল্প কিছুদিন খেলেছি। স্কুলজীবনে তো চুটিয়ে ক্রিকেট খেলেছি।তাহলে তো অভিনয় করতে এসে সুবিধাই হচ্ছে।হ্যাঁ, তা হচ্ছে। ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের আগে। তখন অবশ্য একটু ঠান্ডা ছিল। এখন কিন্তু খুব গরম। শুটিংয়ে অনেকটা সময় মাঠে থাকতে হয়, চামড়া একেবারে পুড়ে যায়।‘গেরিলা’র পর নতুন কোনো ছবির ব্যাপারে আলোচনা হয়েছে?জুলাই মাসে আরেকটি নতুন ছবিতে কাজ শুরু করব। নাম হুইসেল পম পম। এটি পরিচালনা করবেন সামির আহমেদ। রেলস্টেশনে এক রাতের গল্প। সব অভিনয়শিল্পীর নাম বলতে পারব না, তবে আমার প্রায় সব কটি দৃশ্যই ফরীদি ভাইয়ের (হুমায়ুন ফরীদি) সঙ্গে।দেশ টিভির ‘গহীনে’ ধারাবাহিকেও তো আপনি অভিনয় করছেন।এই ধারাবাহিকে আমি ইন্তেখাব দিনারের ছোট ভাই। বাঘে কামড় দেওয়ার পর থেকে দিনার নিখোঁজ। এরপর তাঁর স্ত্রীকে আমি বিয়ে করি। এদিকে ছয়-সাত বছর পর ভাই ফিরে আসে। এর ফলে পরিবারে জটিলতা তৈরি হয়।নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন?কয়েকটিতে করছি। এর মধ্যে সেলিম আল দীনের লেখা কীত্তনখোলা উল্লেখযোগ্য। এখানে আমার চরিত্রের নাম সোনাই। নবাবগঞ্জে শুটিং করছি। শুনেছি ধারাবাহিকটির দৈর্ঘ্য হবে ৫২ পর্ব। এ পর্যন্ত ২৬ পর্ব কাজ করেছি।