স্কুলবাসের চালচিত্র
যানবাহন পাওয়ার ঝঞ্ঝাট আর যানজটের যন্ত্রণা থেকে স্কুলযাত্রীদের রক্ষা করতে নগরে নেমেছে স্কুলবাস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নগরের আজিমপুর থেকে মিরপুর ১২ নম্বর সেকশন পর্যন্ত মোট ১৪টি স্কুলবাস নামিয়েছে। লালরঙা এই বাসগুলোর প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ সীমাহীন। স্কুল শুরু আর ছুটির ঘণ্টায় চলা স্কুলবাসগুলো কীভাবে আরও শিক্ষার্থীবান্ধব করা যায়, তা নিয়েও ভাবছেন অনেকে। বিআরটিসির কর্মকর্তারা জানালেন, সবেমাত্র চালু হয়েছে বলে স্কুলবাস ব্যবস্থাপনায় কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরের সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সহায়তা পেলে জনপ্রিয় হবে স্কুলবাস সার্ভিস।হয়নি যাত্রীছাউনিবিআরটিসি ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিআরটিসির নতুন ১০০ বাস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নিজেই স্কুলবাস চালুর কথা বলেন। এ জন্য মিরপুরের পল্লবী থেকে আজিমপুর রুটে সর্বপ্রথম চালানো হচ্ছে স্কুলবাস। এখন সকাল সাড়ে ছয়টায় পল্লবী থেকে সাতটি বাস ছাড়ছে আজিমপুরের উদ্দেশে। একইভাবে আজিমপুর ব্যানবেইসের সামনে থেকে পল্লবীর উদ্দেশে ছেড়ে যাচ্ছে আরও সাতটি বাস। এ তো গেল সকালে স্কুল শুরুর সময়ের কথা। আবার শিক্ষার্থীরা স্কুল থেকে ফেরার পথে বেলা ১১টায় একই জায়গা থেকে ছেড়ে যাচ্ছে স্কুলবাসগুলো। একেকটি স্কুলবাস প্রতি পাঁচ মিনিট পর ছাড়া হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কুলের শিক্ষার্থীদের বাসে ওঠানামার সুবিধার জন্য ২২টি যাত্রীছাউনি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি)। এ ছাড়া বাসগুলোকে সিগনালে না আটকানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবরও চিঠি পাঠানো হয়েছে। ডিসিসি আর ডিএমপির সহায়তা পেলে স্কুলবাসের উদ্যোগটি সফল হবে বলে মনে করেন বিআরটিসির একাধিক কর্মকর্তা।‘সময় ঠিক নাই’বিআরটিসির স্কুলবাস চালু হওয়ায় বেশ খুশি সানোয়ারা বেগম। তাঁর বাচ্চা গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়ে। বাচ্চাকে নিয়ে এখন আর আগের মতো পাবলিক বাস ধরার জন্য তাঁকে কষ্ট করতে হয় না। তবে বিআরটিসির বাসের সময়ের ঠিক নেই, এটাও বললেন তিনি। তাঁর কথার সত্যতা মিলল আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনের বাসস্টপেজে দাঁড়িয়ে। যাত্রীছাউনির বদলে কেবল একটি সাইনবোর্ডের খুঁটি বসিয়েছে ডিসিসি। ওই সাইনবোর্ডেই বড় করে লেখা, পৌঁছার সময় ১১টা ১০ মিনিট। ছাড়ার সময় ১১টা ১৫ মিনিট। কিন্তু এই সময়ের অনেক পরে এখানে মিলেছে বিআরটিসির স্কুলবাসের দেখা। এ জন্য বিআরটিসির পরিচালক (অপারেশন বিভাগ) কাজী শফিক অবশ্য ঢাকার যানজটকেই দায়ী করলেন।ধানমন্ডি বয়েজ হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও তার বন্ধুরা অবশ্য বলছিল ভিন্ন কথা। তাদের বক্তব্য, এ বাসে তো কেবল সকালের শিফটের শিক্ষার্থীরা যেতে পারে। দিবা শিফটের শিক্ষার্থীরা কী দোষ করল? মিরপুরের বাসিন্দা মিসেস সুমার স্কুলবাসের বিষয়ে অভিযোগ, স্কুলবাসগুলোর সময় এবং স্টপেজ নির্ধারণ করা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে টার্গেট করে। তা না হলে স্টপেজগুলো কেন স্কুলের পাশের রাস্তায় দেওয়া হলো না। এ প্রসঙ্গে বিআরটিসির পরিচালক (কারিগরি বিভাগ) আখতার কামাল বলেন, ‘স্কুলবাস কয়টায় ছাড়বে, কোথায় স্টপেজ হবে, এর সব কিছুই আমরা আন্তমন্ত্রণালয় বৈঠকে বসে ঠিক করেছি। এখানে বিআরটিসির একার কোনো সিদ্ধান্ত নেই।’খুদে যাত্রীদের যত কথাবাংলাদেশ রাইফেলস স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আনজু নিয়মিত যাওয়া-আসা করে স্কুলবাসে। সে জানায়, অন্য বাসের চেয়ে অনেক আলাদা এ বাসটি। নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে তারা। সবচেয়ে মজার কথা, এ বাসের সব যাত্রী স্কুলের ছেলেমেয়ে।‘তাই এই বাসে সাধারণ পাবলিকের ঠাঁই নাই।’ বলে ওঠে আনজুর পেছনের সিটে থাকা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের শিক্ষার্থী নাবিল। সে জানায়, বাসে ওঠার সময় স্কুলের পোশাক কিংবা পরিচয়পত্র দেখিয়ে যাত্রী তোলা উচিত। তাদের মতে, বাসে এত বেশি অভিভাবক না থাকাটাই ভালো। তাদের কথার নীরব সমর্থন দিল বোধ হয় নার্সারিপড়ুয়া রাকিব। সে প্রতিদিনই ঢাকা কলেজের সামনের স্টপেজ থেকে মিরপুর বাঙলা কলেজে যায় একা একা। তার কি পথে ভয় লাগে না? এমন প্রশ্নে সে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ‘বাস ছাড়ার পরই তো আমি ঘুমিয়ে পড়ি।’রাকিব ঘুমালেও তাকে ডেকে দেওয়ার জন্য নিয়োজিত আছে বাসের দুই যাত্রীসেবক। ‘বাসের মামা’ নামে পরিচিত আবদুস সালাম কিন্তু তাকে ঠিকই ডেকে দেন। তবে ভাড়াটা একটু বেশি বলে গাইগুই করলেন অনেকেই। রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী তো বলেই বসল, বেসরকারি অনেক বাসে তো আমাদের ভাড়াই দেওয়া লাগে না। সরকারি বাসে ভাড়া আরেকটু কম হলেই ভালো।এ বিষয়ে বিআরটিসির পরিচালক (প্রশাসন বিভাগ) এস এম ফয়সল আলম জানান, সরকারি সিদ্ধান্তেই প্রতি কিলোমিটার এক টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। স্কুলবাসের সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা আর সর্বোচ্চ ভাড়া ১৮ টাকা বলে তিনি জানান।কতটুকু কমেছে যানজট?স্কুলকে কেন্দ্র করে ব্যক্তিগত গাড়ির জটলা কমাতে বিআরটিসির স্কুলবাস চালু করা হলেও এখনো কিন্তু আগের মতোই চলছে এগুলো। এখনো স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত গাড়ির সারি চোখে পড়ছে। এ বিষয়ে বিআরটিসির পরিচালক (কারিগরি বিভাগ) আখতার কামাল বলেন, ‘আমরা প্রথম দিনই নগরের ২৬টি স্কুলে এক হাজার ৪০০টি টিকিট পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া প্রতিটি স্কুলে আমরা বাসে যেতে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য চেয়ে ফরম পাঠিয়েছি। এখন স্কুলের মাস্টাররা যদি সাড়া না দেন, তাহলে বাচ্চারা আগ্রহ পাবে কীভাবে?’তিনি দাবি করেন, নগরে প্রথমবারের মতো চালু হওয়া স্কুলবাসের অর্জন একেবারেই কম নয়। তবে জনপ্রিয় হতে আরও সময় লাগবে। স্কুলবাস হয়তো নগর থেকে যানজট একেবারেই কমাতে পারবে না, কিন্তু স্কুলকেন্দ্রিক যানজট কমাতে পারবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।