স্কুলবাসের ভেঁপু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্তারা বেশ বড় গলায় বলেছেন, তাঁরা স্কুলের বাচ্চাদের মনমতো সাজিয়ে দোতলা বাস নামাচ্ছেন। স্কুলের বাচ্চারা এই বাসে চড়ে গান গাইতে গাইতে, খেলতে খেলতে স্কুলে যাবে, আবার এই বাসে চড়েই ফিরবে। বেশ কয়েকবার স্কুলবাস নামানোর প্রস্তুতি নিয়েও তা রাস্তায় নামাতে পারেনি বিআরটিসি। বিআরটিসির কর্তারা অবশ্য দোষ চাপাচ্ছেন স্কুলগুলোর ওপর। তারাই নাকি বাগড়া বাধিয়ে বাচ্চাদের বাস নামতে দিচ্ছে না। ওদিকে স্কুল কর্তৃপক্ষ স্কুলবাসে অনাগ্রহের জন্য দুষছে শিক্ষার্থীদের অভিভাবকদের। তবে আশার কথা এই যে ত্রিমুখী বাক্যুদ্ধের মধ্যেও স্কুলবাস নামানোর প্রস্তুতিতে পিছু হটেনি বিআরটিসি।নগরে একটা বাচ্চার জন্য একটা প্রাইভেট কারের পরিবর্তে স্কুলবাস চালু করা গেলে যানজট কমবে বলেই দাবি করছেন নগর বিশেষজ্ঞরা। বিআরটিসির কর্তারা জানিয়েছেন, তাঁরা পরীক্ষামূলকভাবে মিরপুর-১২ থেকে আজিমপুর রুটে একটি দ্বিতল বাস নামানোর পরিকল্পনা করেছেন। খুব সকালে বাসটি মিরপুর থেকে ছেড়ে যাবে। কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান, ধানমন্ডি, সায়েন্স ল্যাব হয়ে বাসটি আজিমপুর পৌঁছাবে। স্কুলের কাছাকাছি নির্ধারিত স্টপেজে বাসটি থামবে বলে বিআরটিসি সূত্রে জানা গেছে। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে একটি বাস নামানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁরা। পরে বাসটি জনপ্রিয় হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে বিআরটিসির এই স্কুলবাসটি নামানোর কথা থাকলেও বিআরটিসির কর্তারা এখন পর্যন্ত তা করতে পারেননি।নাম প্রকাশ না করার শর্তে বিআরটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে যে বাসটি নামানোর কথা বলা হচ্ছে, তাতে বাসটির জনপ্রিয় না হওয়ার আশঙ্কাই বেশি। কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রথমত, আমাদের বাসটি প্রধান সড়ক দিয়ে যাবে। চলতি পথেই স্কুলের বাচ্চাদের নামতে হবে। স্কুলের দরজা পর্যন্ত আমরা তাদের পৌঁছে দিতে পারব না। এতে মাসখানেক পরই প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিআরটিসির স্কুলবাস পরীক্ষায়ই ব্যর্থ।’ উপায় হিসেবে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিসির বাস রয়েছে। মাসিক বা বাৎসরিক চুক্তির ভিত্তিতে স্কুলগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে যদি আমরা বাস দিতে পারি, তাহলে যেটা হবে, স্কুলের সামনেই বাসগুলো থাকবে। ক্লাস শেষে বাচ্চারা বাসে উঠলে আমরা তাদের বাসার গলি পর্যন্ত পৌঁছে দিতে পারব। একইভাবে বাসটিকেও তাদের কাছে নিজেদের বাস বলেই মনে হবে।’একাধিকবার স্কুলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন দাবি করে বিআরটিসির কারিগরি বিভাগের পরিচালক কর্নেল মো. আখতার কামাল বলেন, ‘ঢাকার বড় স্কুলগুলোর সঙ্গে স্কুলবাস চালুর বিষয়ে আমাদের কথাবার্তা চলছে। কিন্তু স্কুলপ্রধানেরা তাঁদের শিক্ষার্থীদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে তেমন একটা আগ্রহ প্রকাশ করছেন না। যদিও বিআরটিসির সিএনজিচালিত নতুন ১০০ বাস উদ্বোধনের সময় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্কুলবাস চালুর কথা বলেছেন।’ স্কুলবাস চালুর ব্যাপারে স্কুলপ্রধানদের আপত্তির কারণ জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, অভিভাবকেরা তাঁদের বাচ্চাদের নিরাপত্তার প্রশ্ন তুলে স্কুলবাসের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি আরও বলেন, ‘আমরা প্রতি ক্লাসে স্কুলবাস চালুর বিষয়ে কথা বলেছি। শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করেছি। কিন্তু অভিভাবকদের আপত্তি কমানো যাচ্ছে না।’খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় বেশ কিছু স্কুলের নিজেদের ছাত্রছাত্রী পরিবহনের জন্য মাইক্রোবাস, মিনিবাস রয়েছে। স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ বেশি ভাড়ায় শিক্ষার্থীরা এসব মিনিবাসে যাওয়া-আসা করে। আবার এই মিনিবাসগুলোর মালিকদের বেশির ভাগই স্কুলের পরিচালনা পর্ষদের সঙ্গে জড়িত। তাই অনেক স্কুলের পরিচালনা পর্ষদই স্কুলবাস চালুর বিপক্ষে।ঢাকার নগর বিশেষজ্ঞরা কথা বলছেন একটু ভিন্ন সুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান বলেন, ‘স্কুলবাস চালুর বিষয়টি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যেটা দেখা যায়, এক একটা এলাকায় কয়টা স্কুল হবে, কয়টা রাস্তা হবে, তার সবকিছুই আগে থেকে পরিকল্পিত থাকে। স্কুলবাসগুলো নিজ নিজ এলাকায় চলাফেরা করে। কিন্তু ঢাকা শহরে এক এলাকার স্কুলে পড়তে আসে অনেক দূরের এলাকার শিক্ষার্থীরা। তাই সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া স্কুলবাস চালু করলে তা তেমন একটা কাজে আসবে বলে আমার মনে হয় না।’