স্কুলব্যাগে ফেনসিডিল, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শিশুদের দিয়ে স্কুলব্যাগে ফেনসিডিল বহন করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। শিশু ইয়াছিনের ব্যাগে ফেনসিডিল বহন করানোর সময় গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওরফে কামাল (২৫) ও আল আমিনকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৩ সূত্র জানায়, ইয়াছিনের ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারের পর তাকে তার মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়েছে। সে রামপুরার একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে।গত বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল রামপুরা ৭/বি/৬ পশ্চিম হাজীপাড়ার বাগদাদীয়া গলিতে অভিযান চালায়। এ সময় স্কুলব্যাগে ফেনসিডিল বহন করার সময় তারা ইয়াছিনকে আটক করে। তার ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশ থেকে মাদক ব্যবসায়ী আবুল হোসেন ও তাঁর সহযোগী আল আমিনকে গ্রেপ্তার করে র্যাব। ঘটনাস্থলের অদূরে টংঘরে তাঁদের আস্তানা থেকে আরও ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আবুল হোসেন ইয়াছিনের চাচাতো ভাই। আবুল গত বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে রেস্তোরাঁয় তাকে খাওয়ানোর পর ব্যাগে ফেনসিডিল নিতে রাজি করান আবুল। এর আগেও তিনি ইয়াছিনের স্কুলব্যাগে ফেনসিডিল রেখে বিক্রি করেছেন। এসব বিষয়ে শিশুটির মা-বাবা কিছুই জানতেন না। শিশুটি ফেনসিডিল ব্যবসায়ীর সঙ্গে জড়িত নয়, তাই তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়েছে।র্যাব গ্রেপ্তার করা দুই মাদক ব্যবসায়ীকে রামপুরা থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।