স্কুলে ছাত্রছাত্রীদের খাদ্য সরবরাহ করার চিন্তা চলছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মান বাড়ানোর জন্য সরকার ইতিমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে ছাত্রছাত্রীদের খাদ্য সরবরাহ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ ব্যাপারে তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। খবর বাসসের।আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।এ সময় প্রধানমন্ত্রী শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় প্রাথমিক শিক্ষকদের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানান।শেখ হাসিনা পরিবেশ, পরিস্থিতি এবং আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে স্কুলের সময় নির্ধারণের পরামর্শ দেন। এ সময় শিক্ষক নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্যও কল্যাণ ট্রাস্ট থাকা উচিত। নতুন শিক্ষনীতির বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, স্বকর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে এতে বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে।