স্কুলে ঢুকে ছাত্রীর চোখে দাহ্যপদার্থ নিক্ষেপ: সহপাঠী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীর চোখে দাহ্যপদার্থ নিক্ষেপের ঘটনায় পুলিশ আজ রোববার তার এক সহপাঠীকে গ্রেপ্তার করেছে। এদিকে আক্রান্ত শিক্ষার্থী সানজিদা ইসলাম বলেছে, সে দূরের কিছু দেখছে না। চিকিৎসকেরা বলছেন, তার চোখে এসিড নয়, অন্য কিছু ছোড়া হয়েছে।বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেছেন, সকালে শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির আহম্মেদকে ওই প্রতিষ্ঠান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সাব্বির সানজিদাকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছে। কিন্তু এসিড বা অন্য কিছু ছোড়ার কথা স্বীকার করেনি। তবে জিজ্ঞাসাবাদ চলছে। হাফিজুর রহমান আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই একবাক্যে বলেছে, এ কাজ সাব্বির ছাড়া কেউ করেনি। সে প্রায় মেয়েদের উত্ত্যক্ত করে।এদিকে আজ বেলা ১১টার দিকে সানজিদাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সানজিদার বাবা তরিকুল আলম বলেন, মেয়েকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও তাঁর মেয়ে দূরের কিছু দেখছে না। মেয়ের এ অবস্থা নিয়ে তিনি ভয়ের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, এখন বাইরে কোথাও মেয়ের চোখের চিকিৎসা করাতে হবে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান তানজিলা আলম বলেন, মেয়েটির চোখে এসিড বা কোনো দাহ্যপদার্থ ছোড়া হয়নি। অন্য কোনো তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছিল। এতে তার চোখের আপাতত যে সমস্যা হয়েছে, তা নিয়মিত ওষুধ ব্যবহারে ঠিক হয়ে যাবে। মেয়েটিকে তিনি সাত দিন পর আবার দেখা করতে বলেছেন।গতকাল শনিবার রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে ঢুকে সানজিদা ইসলামের চোখে দুই যুবক একধরনের তরল পদার্থ ছুড়ে মারে। ওই দিন রাতে সানজিদার বাবা তরিকুল আলম নগরের বোয়ালিয়া থানায় কোনো আসামির নাম উল্লেখ না করে একটি অভিযোগ দায়ের করেন।রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, তিনি ধারণা করছেন, এই ঘটনা তাঁর প্রতিষ্ঠানের কোনো ছেলে করেনি। বহিরাগত কেউ এটা করতে পারে।