স্কুলে মনস্তত্ত্ববিদ থাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্কুলগুলোতে মনস্তত্ত্ববিদ থাকা দরকার। এই মনস্তত্ত্ববিদেরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের পরিচর্যার পাশাপাশি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। এই ব্যবস্থা শিশুদের বিকাশে সহায়তা করবে।গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্কুলে মনস্তত্ত্ববিদ নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, অটিস্টিক ও স্নায়ুর বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের গ্রহণযোগ্য কোনো পরিসংখ্যান দেশে নেই। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এই পরিসংখ্যান তৈরির কাজে হাত দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এ ধরনের পরিসংখ্যান ভবিষ্যতে দেশি-বিদেশি বিভিন্ন গবেষণায় যেমন কাজে লাগবে, তেমনি এসব শিশুর কল্যাণে পরিকল্পনা তৈরিতেও সাহায্য করবে।অনুষ্ঠানের শুরুতে সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন প্রকল্পের কর্মসূচি সমন্বয়কারী শাহীন আখতার বলেন, নতুন এই কেন্দ্রে উন্নতমানের চিকিৎসাসেবা ও গবেষণার পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। অটিজম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও এই কেন্দ্র কাজ করবে।বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, অটিজম শিশুদের জন্য এই কেন্দ্রের প্রকল্প ব্যয় সাত কোটি টাকা। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশে এই কেন্দ্র স্থাপিত হয়েছে। এ ক্ষেত্রে তাঁরা প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদের কাছ থেকে সহায়তা ও পরামর্শ পেয়েছেন।কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারে যদি অটিস্টিক শিশুর জন্ম হয়, তাহলে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়ে। এই নতুন কেন্দ্র থেকে দরিদ্র পরিবারগুলো যেন বিশেষ সহায়তা পায়, সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে অটিস্টিক ও স্নায়ুর বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন ও সেবার প্রয়োজন, সেখানে দেখা যায় যে এরা উল্টো অবহেলার শিকার। এটা অত্যন্ত দুঃখজনক। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রচারের ব্যবস্থা করতে হবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের এই নতুন কেন্দ্রকে সার্বিক সহায়তা দেওয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের আটটি দল অংশ নেয়।