স্কুলে মনস্তত্ত্ববিদ নিয়োগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্কুলগুলোতে মনস্তত্ত্ববিদ থাকা দরকার। এসব মনস্তত্ত্ববিদ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের পরিচর্যার পাশাপাশি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এ ব্যবস্থা শিশুদের বিকাশে সহায়তা করবে।আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।রাজধানীর অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অটিস্টিক ও স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের গ্রহণযোগ্য কোনো পরিসংখ্যান দেশে নেই। সংশ্লিষ্টদের পরিসংখ্যান তৈরির কাজে হাত দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের পরিসংখ্যান ভবিষ্যতে দেশি-বিদেশি বিভিন্ন গবেষণায় যেমন কাজে লাগবে তেমনি এসব শিশুদের কল্যাণে পরিকল্পনা তৈরিতেও সাহায্য করবে।’অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।