স্কুলে যাওয়াই ওদের অপরাধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি স্কুলে গতকাল মঙ্গলবার বিষাক্ত পানি পান করায় প্রায় ১৫০ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, নারী শিক্ষাবিরোধী উগ্র রক্ষণশীল কোনো গোষ্ঠী ছাত্রীদের খাবার পানিতে বিষ মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে এ খবর দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিষাক্ত ওই পানি পান করায় ছাত্রীদের মাথাব্যথা ও বমি হতে থাকে। এদের মধ্যে প্রায় ১৫০ জন ছাত্রী বেশ অসুস্থ হয়ে পড়ে। তবে অন্যরা হাসপাতালে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরে যেতে সক্ষম হয়।কর্মকর্তাদের দাবি, ছাত্রীদের জন্য রাখা পানির পাত্রগুলোতে নিশ্চিতভাবেই বিষ মেশানো হয়েছে। কারণ মূল যে ট্যাংক থেকে পাত্রগুলোতে পানি ভরা হয়েছিল, সেটি বিষাক্ত ছিল না। উত্তরাঞ্চলের তাখার প্রদেশের শিক্ষা বিভাগের মুখপাত্র, জান মোহাম্মদ নাবিজাদা বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত যে ছাত্রীরা শ্রেণীকক্ষে যে পানি পান করেছে, তাতে বিষ মেশানো ছিল। যারা নারী শিক্ষার বিরুদ্ধে, তারাই হয়তো এ কাজ করেছে, নয় তো দায়িত্বহীন সশস্ত্র কোনো ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে।’ তেখারের জনস্বাস্থ্য বিভাগের প্রধান হাফিজুল্লাহ সাফি বলেন, ‘এটা কোনো স্বাভাবিক অসুস্থতা নয়। স্কুলছাত্রীদের বিষ প্রয়োগের জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’ তবে সংশ্লিষ্ট কেউ-ই নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করেনি। কারণ এতে তাদের নিজেদেরও বিপদের সম্ভাবনা আছে। উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবান সরকারের আমলে আফগানে নারী শিক্ষা নিষিদ্ধ ছিল। ২০০১ সালের পর থেকে তালেবানদের শক্ত অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে ওঠে। এরপর সেখানকার মেয়েরা আবার স্কুলে ফিরে যেতে থাকে। বিশেষ করে রাজধানী কাবুলে মেয়েরা নিয়মিত স্কুলে যাওয়া শুরু করে। কিন্তু তার পরও দেশটির স্কুলছাত্রী, শিক্ষক ও স্কুল ভবনের ওপর পর্যায়ক্রমে তাদের হামলা অব্যাহত থকে।