স্কুলে সাংসদদের কোটা থাকছে না
বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সাংসদদের জন্য কোনো কোটা থাকছে না। তাঁদের জন্য কোটা রাখার প্রস্তাব বাদ দিয়েই ভর্তির নীতিমালা ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।নীতিমালায় প্রবাসীদের সন্তান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সন্তানদের জন্য প্রস্তাবিত কোটাও বাদ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘সব দিক বিবেচনা করে আমরা মনে করি, সাংসদের জন্য আলাদা কোটা রাখা সঠিক হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মতামত নেওয়া হয়েছে। তিনিও কোটা না রাখার পক্ষে মত দিয়েছেন।’ সাংসদসহ চার ধরনের কোটা চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে গতকাল সোমবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যক্তির জন্য কোটা চালু না করতে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সংশোধন অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার নম্বর ধরা হয়েছে ৫০। গত বছর তা ছিল ১০০। ভর্তি ফরমের মূল্য ঢাকা মহানগরের ক্ষেত্রে আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০০ টাকা এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য ১৫০। আর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।