স্কুলে ‘বোকা’ ছিলেন অ্যান্থনি হপকিন্স!
হলিউডের প্রখ্যাত অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স বরাবরই চলচ্চিত্রে তাঁর অভিনয়ের কারণে শিরোনাম হয়েছেন। অসাধারণ শক্তিমান এই অভিনেতা অসম্ভব ক্ষিপ্রতায় মুহূর্তের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারদর্শী। দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস-খ্যাত এ অভিনেতার শৈশব নিয়ে এবার রয়েছে একটি ভিন্নধর্মী খবর। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে স্কুলজীবনে স্যার হপকিন্স নাকি একজন হাবাগোবা ধাঁচের বালকই ছিলেন! সহপাঠীদের কারও সঙ্গে মেলামেশা বা খেলাধুলার চেয়ে নিভৃতচারী হপকিন্স একাকিই সময় কাটাতেন।এ প্রসঙ্গে অ্যান্থনি হপকিন্স বলেছেন, ‘আমি ছিলাম নিঃসঙ্গ এক বালক, আস্ত হাঁদারাম। পৃথিবী আর চারপাশের কোথায় কী ঘটছে, এর কোনো কিছুই জানা ছিল না আমার। অগত্যা কী আর করা, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম।’ অবশ্য নির্জনে বেড়ে ওঠার কারণেই তাঁর সৃজনশীলতা বেড়েছিল বলেই মনে করেন এই জাদরেল অভিনেতা।৭৪ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি ছবি আঁকা আর সংগীতে মনোনিবেশ করেছেন। অ্যান্থনি হপকিন্স তাঁর অমনোযোগী স্বভাবের কথা মেনে নিয়েই জানিয়েছেন, এতে তিনি তেমন মন্দ কিছু দেখেন না। বরং বিষয়টি তাঁকে আরও বেশি স্বাধীনতাই দিয়েছে।নিজের খেয়ালি স্বভাবের কথা উল্লেখ করে হপকিন্স বলেন, ‘আমার স্বভাব অনেকটাই সেই ‘বাম্বলবি’র মতো! শুরু করি অসাধারণ কিন্তু শেষটা ভালো করতে পারি না! কিছুটা সহজ, স্বাধীন—অস্তিত্বের এলোমেলো পথই বটে। কিন্তু আমি এই-ই। এভাবেই আমি জন্মেছি। হপকিন্স আরও বলেছেন, ‘একজন তরুণ অভিনেতা হিসেবে বিষয়টিকে অভিশাপই মনে করতাম। সত্যি বললে, এর জন্যই আমি এই অসম্ভব স্বাধীনতা পেয়েছি।’