স্কুলের আগে স্কুল
মজার মজার খেলার মধ্য দিয়ে শিশুদের শিক্ষাদানের জন্য নগরে গড়ে উঠেছে প্রি-স্কুল নামে কিছু স্কুল। এই স্কুলের শিক্ষার্থীদের বয়সও একেবারে কম—তিন থেকে ছয় বছর।বেসরকারি উদ্যোগে নগরের অভিজাত এলাকাগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু প্রি-স্কুল। সিদ্ধেশ্বরীর কিডস হ্যাভেনের অধ্যক্ষ ইলোরা কবির বলেন, জাতীয় শিক্ষা কার্যক্রমে ছয় বছর বয়স থেকে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে পড়াশোনা শুরু হলেও এর আগের সময়টিতে শিশুকে গড়ে তোলে প্রি-স্কুলগুলো। এই স্কুলগুলো সাধারণত প্লে-গ্রুপ, নার্সারি, কেজি ওয়ান বা কেজি টু পর্যন্ত হয়ে থাকে। আর এখান থেকেই একজন শিক্ষার্থী তৈরি হয় নামীদামি স্কুলগুলোতে ভর্তির জন্য।প্রশ্ন জাগতে পারে, তবে কি প্রি-স্কুলগুলো ভালো স্কুলে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার কোচিং সেন্টার? উত্তরটা দিলেন এক অভিভাবক রুখসানা। তিনি বলেন, কোচিং সেন্টারগুলোতে কোমলমতি শিশুদের ওপর খুব বেশি চাপ দেওয়া হয়। কিন্তু প্রি-স্কুলগুলোতে যত্ন নিয়ে খেলার মাধ্যমে পড়ানো হয়ে থাকে শিশুদের।প্রি-স্কুলের বই আর বর্ণিল উপকরণগুলো বলে দেয়, এই পড়ার পুরোটাই আনন্দের মাধ্যমে হয়।প্রি-স্কুল সম্পর্কে অরণী বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমত সুলতানা বললেন, সময় বদলেছে, বদলেছে পড়াশোনার ধরন। জাতীয় শিক্ষা কার্যক্রমের নির্ধারিত বয়স ছয় বছর হলেও ক্লাস ওয়ানে যে পাঠ্যবই দেওয়া হয়, তা বুঝতেই অনেক সময় লেগে যায় শিশুদের। তাই বাচ্চাকে আগে থেকে তৈরি করতে হয়। তবে শিশু যেন বুঝতে না পারে, তাকে শেখানো হচ্ছে। তাই খেলার মাধ্যমে শিশুকে শিখিয়ে থাকে প্রি-স্কুলগুলো। প্রি-স্কুলের শ্রেণীকক্ষের রংও বর্ণিল হয়ে থাকে। দেয়ালজোড়া ফুল, পাখি, লতা-পাতা আর মাছের ছবি ওদের আকৃষ্ট করে স্কুলে যেতে।কেবল কিছু বর্ণমালা আর রং চিনিয়ে দিয়েই কিন্তু প্রি-স্কুলের দায়িত্ব শেষ নয়। বরং ছোট শিশুদের সামাজিকীকরণের কাজটা করে থাকে প্রি-স্কুলগুলো। এমনটা বললেন বনানী ১৫ নম্বর রোডে অবস্থিত ব্লোজম ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রাশিদা ইসলাম।নাগরিক জীবনে ব্যস্ততার কারণে মানুষ দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর ছোট পরিবারে মা-বাবা সন্তানকে সময়ও দিতে পারেন কম। তাই হাতের ওপর হাত রেখে পেনসিল ঘুরিয়ে শিশুদের বর্ণমালা শেখাতে মা-বাবারা ছুটছেন প্রি-স্কুলগুলোতে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাগুফতা মঞ্জুর বলেন, ‘আমার ছেলে ফাহামের বয়স আড়াই বছর। বয়সটা ওর একটু কম, তার পরও আমি ওকে প্রি-স্কুলে ভর্তি করে দিয়েছি। একটাই কারণ, তা হলো, বাসায় যেহেতু বেশি সময় দিতে পারি না, তাই কথা বলা বা শিষ্টাচারের বিষয়টা ও এই স্কুল থেকে শিখতে পারবে। অনেক বাচ্চার সঙ্গে মিশলে ওর মানসিক উন্নতি দ্রুত হবে।’ধানমন্ডির ৭ নম্বর রোডে অবস্থিত আনন্দনিকেতন ইউরোপিয়ান স্কুলের অধ্যক্ষ সামস এ হাসান বলেন, প্রি-স্কুলগুলো শিশুর বিকাশ পর্বের গোড়ায় কাজ করে। শিশুর নেতৃত্বের দক্ষতা অর্জন, মানুষের সঙ্গে কথা বলা, কাকে কী সম্বোধন করতে হবে, সেই শিক্ষাটা পর্যন্ত দেওয়া হয় এখানে। মা-বাবারা প্রি-স্কুলে সন্তানকে পাঠিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকেন।জাতীয় শিক্ষা কার্যক্রম অনুসরণ করা স্কুলগুলো ক্লাস ওয়ান থেকে শুরু হলেও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো প্রি-স্কুলের ধাপ প্লে গ্রুপ বা নার্সারি শেষ করে তবে ক্লাস ওয়ান শুরু করে। এর কারণ হিসেবে সানিডেল স্কুলের অধ্যক্ষ তাজিন আহম্মেদ বলেন, ভিতটা মজবুত করার জন্য আমরা চার এবং পাঁচ বছর বয়সে প্লে গ্রুপ আর নার্সারি পড়িয়ে থাকি। এরপর ছয় বছরে ক্লাস ওয়ান শুরু করি।নগরে জাতীয় শিশু একাডেমী কর্তৃক পরিচালিত মোট ১০টি প্রি-স্কুল রয়েছে। এখানে শিশুদের পাঠদান-পদ্ধতিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে রয়েছে শিশু বিকাশ। এখানকার বয়সসীমা চার থেকে পাঁচ বছর। আর এর পরের ধাপ হলো প্রাক-প্রাথমিক পর্যায়, যেখানে শিক্ষার্থীদের বয়সসীমা পাঁচ থেকে ছয় বছর। শিশু বিকাশ পর্যায়ে প্রারম্ভিক পাঠের প্রোগ্রাম অফিসার মোহাম্মাদ তারিকুল ইসলাম চৌধুরী জানান, শিশু বিকাশ পর্যায়ে খেলার ছলে ছড়া-গান-গল্প বলে বা কোনো কিছু দেখিয়ে শিশুদের বিভিন্ন রং ও বস্তুর আকার চেনানো হয়।শিশু একাডেমী থেকে পরিচালিত স্কুলে বেতন দিতে হয় না শিক্ষার্থীদের, উপরন্তু ছোট্টমণিরা পায় লাল-সবুজ রঙের পোশাক। তবে বেসরকারি প্রি-স্কুলে বাচ্চাকে পড়াতে হলে ভর্তির সময় প্রতিষ্ঠান ভেদে পাঁচ থেকে দশ হাজার টাকা আর মাসে মাসে দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়।প্রি-স্কুলের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রাক-প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা কার্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ বলে আমরা মনে করছি। তাই প্রি-স্কুলের ব্যাপারেও এত দিনে আমরা সচেতন হয়েছি। আপাতত কিছু এনজিও প্রাক-প্রাথমিক কার্যক্রম নিয়ে কাজ করছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সিলেবাস ও পাঠ্যবই তৈরি হয়েছে।’প্রি-স্কুলের কল্যাণে ছোট্টমণিদের কাছে স্কুল এখন আর ভয়ের জায়গা নয় মোটেও। বরং হাসি-আনন্দ আর উচ্ছলতার আরেক নাম স্কুল।