স্কুলের গণ্ডি পেরোলেন জাস্টিন বিবার!
স্কুলের চৌহদ্দি না পেরোতেই ‘টিন সেনসেশন’ তারকা বনে গিয়েছিলেন কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার। তারকাখ্যাতির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কাজের চাপ। কিন্তু তাই বলে তো আর লেখাপড়া বন্ধ করে দেওয়া যায় না। মিউজিক ট্যুর, অ্যালবামের রেকর্ডিংসহ বিভিন্ন কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে এক রকম হিমশিমই খেতে হচ্ছিল তাঁকে। তবে এবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সম্প্রতি স্কুলের লেখাপড়া শেষ হওয়ায় বেজায় খুশি ১৮ বছর বয়সী এই গায়ক।এ বছরের ১ মার্চ সবে ১৮ বছরে পা রেখেছেন জাস্টিন বিবার। দুই বছর আগে তাঁর প্রথম গানের অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’ মুক্তির পরপরই রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তিনি। এর পর থেকেই শুরু হয় তাঁর পেশাগত কাজ ও পড়ালেখা চালিয়ে যাওয়ার যুদ্ধ। সেই যুদ্ধে একরকম হাঁপিয়েই উঠেছিলেন। অবশেষে স্কুলের লেখাপড়ার পাট চুকিয়ে মুক্তির আনন্দে বিভোর হয়েছেন।স্কুলের গণ্ডি পেরোনো নিয়ে উচ্ছ্বসিত বিবারের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, ‘স্কুলের গণ্ডি পেরোলাম। কয়েক দিন আগে আমার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমি পাস করেছি। এখন আমি পুরোপুরি মুক্ত।’বিবার আরও বলেছেন, ‘স্কুল থেকে ফিরে গৃহশিক্ষকের কাছে পড়তে বসতাম। স্কুল থেকে একগাদা হোমওয়ার্ক দিয়ে দিত। সেগুলো করতে হতো। পাশাপাশি কনসার্টের প্রস্তুতি, অ্যালবাম রেকর্ডিংসহ নানা ব্যস্ততায় জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। ভাবতেই ভালো লাগছে, এখন থেকে আর স্কুলের হোমওয়ার্ক করতে হবে না, বসতে হবে না শিক্ষকের সামনে।’