স্কুলের ভেতর চিতাবাঘ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের মহিশূর শহরের কেন্দ্রীয় বিদ্যালয়। প্রায় দুই হাজার শিক্ষার্থীর এই স্কুলটিতে রয়েছে কড়া নিরাপত্তা। অন্যদিনের মতো গত সোমবার রাতেও নিরাপত্তাকর্মীরা স্কুল ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলেন। হঠাত্ তাঁদের নজর পড়ে দুটি চকচকে আলোর দিকে। টাইমস অব ইন্ডিয়া আজ বুধবার জানায়, সেই আলো অনুসরণ করে নিরাপত্তাকর্মীরা দেখেন, সেখানে একটি চিতাবাঘ! মাথায় বাজ পড়ার মতো ঘটনা। ভয়ে তাঁদের হাত-পা ঠান্ডা হয়ে আসে। তারপর বিষয়টি তাঁরা স্কুল কর্তৃপক্ষকে জানায়। পরে বন কর্তৃপক্ষ এসে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্কুলের অধ্যক্ষ পিসি রাজু জানান, ‘গতকাল (সোমবার) রাতে চিতাবাঘটি নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে স্কুলের ক্যাম্পাসে ঢুকেছে। কিন্তু পরে সেটি যদি নিরাপত্তাকর্মীদের চোখে না পড়ত, তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। কেননা মঙ্গলবার সকালে অন্যদিনের মতোই শিক্ষার্থীরা স্কুলে আসত।’অধ্যক্ষ অভিযোগ করেন, রাত ১০টায় বিষয়টি বন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা আসতে দেরি করেছেন। তাঁরা বাঘটিকে রাত দুইটার দিকে উদ্ধার করেন। সৌভাগ্যক্রমে ওই সময় পর্যন্ত চিতাটি সুবিশাল ক্যাম্পাসের ভেতরেই ছিল।সহকারী বনরক্ষক দুরগেগোদা দেরি হওয়ার এই অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল থেকে তিন কিলোমিটার দূরে চামুন্ডি পাহাড় থেকে সম্ভবত ১৫ মাস বয়সী এই চিতাটি এসেছে। চেতনানাশক দিয়ে অচেতন করে চিতাটিকে মহিশূর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।মহিশূর আঞ্চলিক বন সার্কেলের প্রধান কে বি মারকানদাইয়া বলেন, চিতাবাঘটির গলায় রিডও কলার (গতিবিধি পর্যবেক্ষণ যন্ত্র) পরিয়ে বন্দিপুর বনে ছেড়ে দেওয়া হবে।