স্কুলের মাঠে হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের টুনিরহাটে একই মাঠে কাজলদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজলদীঘি টুনিরহাট উচ্চবিদ্যালয়। এই দুটি বিদ্যালয়ের মাঠে সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার হাট বসে। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটলেও হাট সরানো হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, ‘শেখ কামাল স্মৃতি সংঘের’ নামে ইজারা নেওয়া হয়েছে এই হাট। ইজারাদারেরা সরকারদলীয় সমর্থক ও প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় আবেদনের পরও হাট অন্য জায়গায় সরাতে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না।৬ সেপ্টেম্বর হাটের দিন দুপুরের পর গিয়ে দেখা যায়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ঘেঁষে নানা পণ্যের কেনাবেচা চলছে। মাধ্যমিক বিদ্যালয় ছুটি হলেও প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে। এর মধ্যেই পুরো মাঠে চলছে ধান কেনাবেচা। এ ছাড়া পাট, তিল, বাদাম, সুপারিও বেচাকেনা হচ্ছে। বেশ কিছু চা, পানের দোকান বসেছে মাঠে। হাটের ধুলাবালি আর ময়লা-আবর্জনা শ্রেণীকক্ষে ঢুকছে। এ অবস্থা থেকে বাঁচতে শিক্ষক শ্রেণীকক্ষের দরজা-জানালা বন্ধ করে ক্লাস নিচ্ছেন।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লাবণী আকতার বলে, ‘হাটের কারণে মাঠ ময়লা হয়। এ কারণে আমরা টিফিনের সময় খেলতে পারি না।’প্রধান শিক্ষক সাদেকা আকতার জাহান বলেন, ‘হাট নিয়ে অনেক ঝামেলা হয়েছে। অফিসকে জানানো হয়েছে। স্কুলের বারান্দা ঘেঁষে বাঁশ টাঙিয়ে পাট কেনাবেচা চলছে। আমরা কিছুই করতে পারছি না।’ তিনি আরও বলেন, ৬৬ শতক জমির ওপর ১৯৪০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়।কাজলদীঘি টুনিরহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেন ও নবম শ্রেণীর ছাত্র রায়হান জানায়, মাঠে হাট বসায় সেখানে ঘাসই গজাতে পারে না। শ্রেণীকক্ষগুলো ধুলাবালিতে ভরে থাকে। টুনিরহাট বিদ্যালয় ভবনের একটি কক্ষে অগ্রণী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন বলেন, ‘হাটের কারণে ব্যাংকে বসা দায়। ব্যাংকের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত। ধান-পাটের ধুলাবালি ব্যাংকের ভেতরে ঢুকে ব্যাংকের পরিবেশ নষ্ট করছে। ধুলাবালিতে ব্যাংকের কম্পিউটারটিও নষ্ট হয়ে গেছে।’ টুনিরহাট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ১৯৪২ সালে ১০.৬৪ একর জমির ওপর বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে এখানে আড়াই শ শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানকার মাঠে হাট চলুক, এটা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক কেউ চায় না। এ নিয়ে উপজেলা পরিষদে সভা হলেও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে এই হাট বসছে। আগে মাঠের এক কোনায় হাট বসত; তখন লোকজন কম ছিল। এখন লোকজন বেড়েছে, হাটের পরিধি বেড়েছে। শনিবার আর মঙ্গলবার সুইপার দিয়ে মাঠ পরিষ্কার করতে হয়।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইনুল হক বলেন, ‘সরকারি দলের নামে ভয়ভীতি দেখিয়ে এবং গায়ের জোরে বিদ্যালয়ের মাঠে হাট চালানো হচ্ছে। আমাদের অনুমতি না নিয়েই হাট বসানো হচ্ছে। হাটের ইজারাদার প্রভাবশালী ও সরকারদলীয় লোক হওয়ায় আমরা হাট সরাতে পারছি না। শেখ কামাল স্মৃতি সংঘের নামে বিদ্যালয়ের জমি দখল করে সাইনবোর্ড লাগানো হয়েছে। প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি।’শেখ কামাল স্মৃতি সংঘের সভাপতি মো. ইয়াকুব আলী বলেন, ‘আমরা ১১ জন মিলে সংঘের নামে হাটটি ইজারা নিয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় আমরা প্রথমে মাদ্রাসা মাঠে হাট বসাই। পরে কিছু অনুদান দেওয়ার কথা বলে সমঝোতা করে বিদ্যালয় মাঠে হাট বসাই। দলীয় ভয়ভীতি বা চাপ সৃষ্টি করে হাট বসানোর অভিযোগ সত্য নয়। বিদ্যালয়ের জমি দখল করে শেখ কামাল স্মৃতি সংঘের সাইনবোর্ড লাগানো হয়নি। যেখানে সাইনবোর্ড লাগানো হয়েছে, সেটি বিদ্যালয়ের জমি নয়।’সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক জানান, হাটটি নিয়ে ইজারাদার শেখ কামাল স্মৃতি সংঘ ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসা হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।