স্কুলের সামনে বেপরোয়া বাস কেড়ে নিল শিশুর প্রাণ
নাম-হামিম শেখ, শ্রেণী-কেজি, রোল-৬২, শাখা-খ, বাংলা মাধ্যম। কার্টুন আঁকা স্কুল-ব্যাগটির ওপর এভাবেই কাঁচা হাতে লেখা পরিচয়। ভেতরে বই-খাতা, শ্রেণীশিক্ষকের লেখা দিনের কাজ, টিফিন বক্স, পানির বোতল—সবই আছে। নেই শুধু ব্যাগ কাঁধে করে বাড়ি ফেরা শিশু হামিম। স্কুলের সামনেই ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিয়েছে। এ ব্যাগটিই এখন সবার স্মৃতি।স্কুল-ব্যাগের দিকে তাকাতেই ফৌজি পোশাক পরা অধ্যক্ষের চোখ ভিজে আসে। চোখ মুছতে মুছতে বললেন, জীবনের জন্য তার ছুটি হয়েছে। আর কোনো দিনই সে স্কুলে আসবে না।গতকাল বুধবার বেলা ১১টায় কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের সড়কে মধুমতি পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় হামিম শেখ। বয়স ছয় বছর। এ ঘটনায় তার মা সোনিয়া শেখ চোখে গুরুতর আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ চালকসহ বাসটি আটক করেছে।স্কুলের সামনেই ছাত্রকে গাড়ি চাপা পড়তে দেখে ক্ষোভে ফেটে পড়ে ছোট ছোট শিশু ও তাদের অভিভাবকেরা। তারা রাস্তায় বেরিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু হলে শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পরই সব ক্লাস বন্ধ হয়ে যায়। আজও ক্লাস হবে না।নিহত হামিম মা-বাবার একমাত্র সন্তান। সে ২০০৯ সালে এই স্কুলে নার্সারিতে ভর্তি হয়। তার বাবা মোতালেব শেখ তৈরি পোশাকের ব্যবসা করেন। গ্রামের বাড়ি বিক্রমপুরে। থাকেন রাজধানীর নর্থ সাউথ রোডের লুত্ফর রহমান লেনে। এখান থেকে প্রতিদিন মায়ের সঙ্গে রিকশায় করে স্কুলে আসা-যাওয়া করত হামিম।স্কুলের একজন শিক্ষক বলেন, ‘ছুুটির ঘণ্টা পড়তে না-পড়তেই ছোট ছোট ছেলেমেয়ে শ্রেণীকক্ষ থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে যেতে শুরু করল। হঠাত্ কে একজন খবর দিল, স্কুলের এক ছাত্র গাড়ি চাপা পড়েছে। মুহূর্তেই থেমে গেল কোলাহল। আমরা দৌড়ে বাইরে গিয়ে দেখি, সাদা শার্ট ও নীল প্যান্ট পরা একটি শিশু রাস্তায় পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, মাথা ছিন্ন...।’ আর বলতে পারলেন না ওই শিক্ষক। তাঁর পাশে থাকা অন্যরাও কাঁদতে থাকেন।গতকাল সকালের এ দুর্ঘটনা নিজের চোখে দেখেন কাস্টমস কর্মচারী এমদাদ হোসেন। প্রথম আলোকে তিনি জানান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের উল্টো দিকে কয়েকটি পরিবহনের কাউন্টার আছে। বাসগুলো কাকরাইল মোড়ে না থেমে স্কুলের উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। এ কারণে সব সময় এখানে ভিড় লেগে থাকে। গতকাল সকালেও বিভিন্ন পরিবহনের চারটি বাস যাত্রী তোলার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। বাসগুলোর মধ্যে সবার পেছনে ছিল মধুমতি পরিবহনের একটি বাস। এটি যাত্রী নিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছিল। শিশুটি তখন মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। মায়ের এক হাতে স্কুলের ব্যাগ ও আরেক হাতে শিশুর হাত।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি প্রথমে মাকে ধাক্কা দেয়। এরপর দ্রুত পালাতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। মায়ের একটি চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী ওই স্কুলের এক ছাত্রের বাবা বাবুল সারেক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় অনেক শিশু রাস্তায় ছিল। তারা এ মৃত্যু দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর স্কুলের লোকজন ও অভিভাবকেরা মিলে আহত সোনিয়াকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। শিশুটির লাশ পুলিশ এসে মর্গে পৌঁছে দেয়। বিকেলে মরদেহ তার বাসায় নিয়ে যাওয়া হয়। রাতে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।হামিম নিহত হওয়ার খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে আসে পরিবার ও আশপাশের লোকজন। হামিমের খালা শান্তা জানান, তার স্কুলের ব্যাগে ফোন নম্বর ছিল। সেই নম্বর ধরে কেউ একজন ফোন করে তাঁদের হাসপাতালে আসতে বলেন। হামিমের বাবা এ সময় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। একমাত্র সন্তানের লাশ দেখে মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন বাবা মোতালেব শেখ। কান্না ছাড়া তাঁর মুখে কোনো ভাষা ছিল না।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, সকালে স্কুলের সামনে গাড়ি চাপা পড়ার ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে। এতে কাকরাইল মসজিদ থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে দুপুর পৌনে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের স্কুলে ফিরিয়ে নেয়।ওসি জানান, বাসটি ধাওয়া করে মত্স্য ভবনের কাছ থেকে চালকসহ আটক করা হয়। পরে রমনা থানায় এ বিষয়ে মামলা হয়েছে। চালকের লাইসেন্স ভুয়া হতে পারে বলে তিনি সন্দেহ করছেন। ঘাতক চালক শামসুর রহমান সাংবাদিকদের বলেন, রাস্তাঘাটে এমন দুর্ঘটনা হতেই পারে। মালিক জানলেই ছাড়িয়ে নেবেন।সালমা নামের এক ছাত্রের মা বলেন, স্কুলের ছাত্রদের রাস্তা পার হওয়ার জন্য স্কুলের সামনে একটি উড়াল সেতু আছে। কিন্তু তাতে কেউ ওঠে না। সবাই দৌড়ে রাস্তা পার হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এ সময় পাশে দাঁড়ানো আরেকজন মা বলেন, উড়াল সেতুর চারদিক বিজ্ঞাপনে ঢাকা এবং পরিবেশ খারাপ। ছিনতাইকারীর ভয়ে কেউ উঠতে চায় না।স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, স্কুলের বাচ্চারা যাতে নিরাপদে রাস্তা পার হতে পারে, সে জন্য স্কুলের বাইরে ছয়জন নিরাপত্তাকর্মী মোতায়েন করতে ব্যবস্থাপনা কমিটির কাছে প্রস্তাব করা হয়েছে। কিন্তু সে প্রস্তাব এখনো বাস্তবায়িত হয়নি। স্কুলের সামনের রাস্তায় গতিরোধক দেওয়ার প্রস্তাবও তিনি করেছেন। অধ্যক্ষ বলেন, হামিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার স্কুলের সব শাখা বন্ধ থাকবে।