স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিলভার ইন আবাসিক হোটেল থেকে উদ্ধার করা স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদের লাশ আজ শুক্রবার বাদ আসর রাজধানীর তেজগাঁও বিমানবাহিনীর কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে বিমানবাহিনীর সদর দপ্তরে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।নিহত মামুনুর রশিদের পারিবারিক সূত্র জানায়, তাৎক্ষণিক সিদ্ধান্তে লাশ রংপুরে পারিবারিক কবরস্থানের পরিবর্তে তেজগাঁও বিমানবাহিনীর কবরস্থানে দাফন করা হয়।এর আগে আজ সকালে স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদের লাশ বিমানবাহিনী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমেনা বেগম বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে মামুনুর রশিদের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এরপর বিমানবাহিনী কর্তৃপক্ষের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। এ সময় মামুনুরের ছোট ভাই ঘটনাস্থলে ছিলেন। পরে কর্তৃপক্ষ হেলিকপ্টারে তাঁর লাশ গ্রামের বাড়ি রংপুরে নিয়ে গেছে।আনোয়ারার তালসরা দরবার শরিফে র‌্যাবের একটি দলের ডাকাতির ঘটনায় বিমানবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ত থাকার বিষয়টি তদন্ত করতে গত মঙ্গলবার চট্টগ্রামে যান মামুনুর রশিদ। সেখানে স্থানীয় সিলভার ইন আবাসিক হোটেল থেকে গতকাল বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।