স্ক্র্যাপ জাহাজ আমদানি বন্ধ
জাহাজভাঙা শিল্পের ক্ষেত্রে ইতিপূর্বে দেওয়া হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করা পর্যন্ত স্ক্র্যাপ জাহাজ আমদানি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নির্দেশনার আলোকে দেশে বিষাক্ত জাহাজ অনুপ্রবেশ রোধে, পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘পর্যাপ্ত ও কার্যকরী’ বিধিমালা তিন মাসের মধ্যে বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে রসায়নবিদ, পদার্থবিদ, পরিবেশবিদ, আইনবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে এক মাসের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশে বলা হয়, মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা বিধান না করে বর্জ্যবাহী জাহাজ আমদানি করা যাবে না। ভাঙার জন্য জাহাজ এমনভাবে আনতে হবে, যাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি না থাকে। এ বিষয়ে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায় যথাযথভাবে অনুসরণ করতে হবে। ওই রায় অনুসরণ না করা পর্যন্ত বাংলাদেশের জলসীমায় কোনো বর্জ্যবাহী জাহাজ প্রবেশ করতে পারবে না। এর আগে ২০০৯ সালের ১৭ মার্চ কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে বাংলাদেশে অনুপ্রবেশের আগে আমদানি করা জাহাজের বর্জ্যমুক্তকরণ (প্রিক্লিনিং) নিশ্চিত করতে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনাপত্তি (এনওসি) প্রদানের কথা বলা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব ও শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিমুক্ত ছয়টি আইনের অধীনে একটি নীতিমালা প্রণয়ন করতে বলা হয়। সেই সঙ্গে এসব বিষয় তদারকি করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। চলতি বছরের ১১ মে হাইকোর্ট ওই রায়ে স্পষ্টতা দিয়ে ভাঙার জন্য আমদানি করা সব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ লাগবে বলে নির্দেশ দেন। এও বলা হয়, এ আদেশটি সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। আইনগত বাধ্যবাধকতা মেনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে জাহাজ আমদানির ক্ষেত্রে সমুদ্র অধিদপ্তরের মহাপরিচালককে অনাপত্তিপত্র (এসওসি) প্রদান করতে বলা হয়। জানা যায়, সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে হাইকোর্টের ইতিপূর্বে দেওয়া রায়ের নির্দেশনা অনুসরণ করা হয়নি। এ ছাড়া ইতিমধ্যে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ২২টি জাহাজকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে হাইকোর্টের রায়ের আলোকে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ১২ ডিসেম্বর বেলা হাইকোর্টে আবেদন করে। এতে নীতিমালা তৈরি না করা পর্যন্ত জাহাজ আমদানি বন্ধ ও ইতিমধ্যে আনা জাহাজগুলো না ভাঙার নির্দেশনা চাওয়া হয়। এ আবেদনের ওপর দুই দিনের শুনানি শেষে গতকাল আদালত আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির এবং শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল হক ও শেখ ফজলে নূর তাপস মামলা পরিচালনা করেন। আদালত অবমাননার রুল: আদালতের নির্দেশ উপেক্ষা করে জাহাজ আমদানিতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অনাপত্তিপত্র দেওয়ায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেলার করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। রুলে আদালতের নির্দেশনা প্রতিপালন না করায় কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তাঁরা হলেন—সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজউদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. জাফর আলম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান রসায়নবিদ মোশাররফ আশরাফ ও কালেক্টর অব কাস্টমস (আমদানি, চট্টগ্রাম বন্দর) গোলাম কিবরিয়া। বেলার আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুসরণ না করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ২২টি জাহাজ আমদানির জন্য অনাপত্তিপত্র দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।