স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত ৬০, আটক ১৭
পুরো ফি না দিয়ে পরীক্ষা দিতে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ বুধবার বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী, পুলিশ রয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সহ পুরো ভবনে ব্যাপক ভাঙচুর চালান।এ ঘটনায় পুলিশ ১৭ ছাত্রকে আটক করেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী ও পুলিশ জানায়, সামনেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এ জন্য রেজিস্ট্রেশন চলছিল। যেসব শিক্ষার্থী সেমিস্টার ফি পুরোপুরি পরিশোধ করেননি, তাঁদের রেজিস্ট্রেশন করতে দিচ্ছিল না কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল। সকালে ১০০-১৫০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রধান ফটক বন্ধ করে চাবি নিয়ে নেন। তাঁরা ভেতরে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ আসে। কিন্তু ফটক খোলা না থাকায় পুলিশ ভেতরে ঢুকতে পারছিল না। এরপর ঘটনাস্থলে আসে র্যাব। এ সময় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে গিয়ে দাবি করেন ‘পুলিশ কেন ক্যাম্পাসে?’ একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর শুরু করেন। তাঁরা উপাচার্যের কার্যালয়সহ বিভিন্ন ভবনের কাচ, বাতি ও ভেতরে রাখা দুটি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা ফটকের বাইরে থাকা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, ছুড়তে শুরু করেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ক্যাম্পাস।একপর্যায়ে পুলিশ শাবল এনে লোহার ফটকের প্লেনশিট কেটে খিল খুলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই পুলিশ নির্বিচারে লাঠিপেটা শুরু করে। ছাত্র, শিক্ষক, কর্মচারী এমনকি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যকেও পিটিয়ে আহত করে পুলিশ। এরপর প্রধান ফটক বন্ধ করে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবকিছু অবরুদ্ধ করে রাখে তারা।এ ঘটনায় ১৭ জন আহত ছাত্র-কর্মচারী পাশের মনোয়ারা হাসপাতালে চিকিত্সা নেন। তাঁদের কেউ মাথায়, কেউ পায়ে, হাতে ও পীঠসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলি নোমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে এলে ছাত্ররা তাদের ওপর ইট, কাচ নিক্ষেপ শুরু করেন। এতে ৪০ জন পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশ ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১৭ ছাত্রকে আটক করেছে পুলিশ।উপাচার্যের বক্তব্য: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মজিবুর রহমান অবশ্য দাবি করেছেন, মিথুন নামের এক ছাত্র কিছু বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা হিসাব শাখা থেকে দুই লাখ টাকাও ছিনিয়ে নেয়। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রদের কোনো দাবি ছিল না। মিথুন নামের ওই ছাত্র রেজিস্ট্রেশন না করে পরীক্ষা দিতে চেয়েছিল। তা সম্ভব নয় জানালে গত মঙ্গলবার সে কর্মচারীদের হুমকি দেয়। গতকাল সকালে বেশ কিছু বহিরাগত নিয়ে এসে সে ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখে এবং ভাঙচুর চালায়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম ইকরামুলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ দাবি করেছে, বিবিএ প্রোগ্রামের সৈয়দ মাহবুব হাসান, নাজমুল হাসান, মইনুর রহমান চিশতি, আসিবুর রহমান ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সজীব কায়সার (মিথুন) এবং ফয়সালসহ ২০-২৫ জন বহিরাগত বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালায়। তবে শিক্ষার্থীরা জানান, প্রত্যেক শিক্ষার্থীকে ভেতরে ঢোকার সময় পরিচয়পত্র পাঞ্চ করে লগইন করতে হয়। ফলে বহিরাগতদের ঢোকার কোনো সুযোগ নেই।